বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন তারেক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের কথায় দীর্ঘ ১৩৪ ঘণ্টা পর রবিবার রাত সাড়ে ৮টার দিকে আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান অনশন ভাঙেন। পরে তাকে অ্যাম্বুল্যান্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র’; তার সঙ্গে থাকা অনেকেই শহীদ ও পঙ্গু হয়েছেন, আর তারেকও বহু নির্যাতনের শিকার। তিনি জানান, গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখতে দলটি নিবন্ধনের আবেদন করেছিল; দীর্ঘ বিচার-বিবেচনার পরও নিবন্ধন মেলেনি।

তিনি আরও বলেন, আজ (রবিবার) নির্বাচন কমিশনে (ইসি) আবেদন পুনর্বিবেচনার বিষয়টি নিয়ে কথা বলেছেন। “আশা করি, তার দল ন্যায়বিচার পাবে। তারেককে অনুরোধ করেছি অনশন ভাঙতে—তিনি অনুরোধ রেখেছেন,” যোগ করেন সালাহউদ্দিন। তিনি আশা প্রকাশ করেন, হাসপাতালে চিকিৎসা নিয়ে তারেক দ্রুত সুস্থ হবেন এবং নির্বাচন কমিশন দলের আপিল পুনর্বিবেচনা করবে।

আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার দাবিতে টানা ১৩৪ ঘণ্টা অনশন করেছিলেন মো. তারেক রহমান। অনশন চলাকালে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অনশন ভাঙতে অনুরোধ করলেও তিনি তা নাকচ করেন। শেষ পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের আহ্বানেই তিনি অনশন ভাঙেন।