বৈষম্য বিরোধী আইন প্রণয়নে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অঙ্গীকার কামনা করেছেন অ্যাটর্নি জেনারেল (এজি) মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “রাজনৈতিক দলগুলো যদি এই আইন প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ না হয়, তবে তারা আমাদের ভোট পাবে না। আমাদের শক্তিশালী ও স্পষ্ট আইন প্রয়োজন—অস্পষ্ট আইন কোনো প্রতিকার দিতে পারে না। এ বিষয়ে আইন কমিশন ও আইন মন্ত্রণালয়কে বাধ্য করতে হবে।”
শনিবার বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৈষম্য বিরোধী আইন প্রণয়নের ওপর এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাগরিক প্ল্যাটফর্ম এসডিজিস, বাংলাদেশ; বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং সিটিজেনস ইনিশিয়েটিভের যৌথ আয়োজনটি ইউএনডিপি ও সুইস দূতাবাসের সহায়তায় অনুষ্ঠিত হয়।
এজি আসাদুজ্জামান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ উদ্যোগ তাঁর “চিন্তাভাবনা, অনুভূতি, আশা ও আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।” সংবিধানকে বিশ্বের অন্যতম সেরা আখ্যা দিয়ে তিনি যোগ করেন, তাঁর বিশ্বাসের মূল নিহিত রয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে।
সংলাপের সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির বিশিষ্ট ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্লাস্টের নির্বাহী পরিচালক ও সিনিয়র আইনবিদ ব্যারিস্টার সারা হোসেন। তিনি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে বৈষম্য বিরোধী আইন অন্তর্ভুক্ত করার দাবি জানান এবং অন্তর্বর্তী সরকারের অবশিষ্ট সময়ে উদ্যোগ দেখার আহ্বান করেন।
ড. দেবপ্রিয় বলেন, “আমি বিশ্বাস করি এটাই সময়। আমরা যদি ন্যায়বিচার চাই, তবে নাগরিকদের সার্বিক সুরক্ষা দিতে হবে। সেই সুরক্ষা নিশ্চিতে এই আইন অপরিহার্য।”
সভায় বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি রতন, অর্থনীতিবিদ ড. এস আর ওসমানী, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র উপদেষ্টা ড্রাগান পপোভিচ এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অন্তর্বর্তী সরকার ও অ্যাটর্নি জেনারেলকে দ্রুত আইন প্রণয়নের আহ্বান জানিয়ে বলেন, “বৈষম্য অব্যাহত থাকলে আমরা একটি সভ্য রাষ্ট্র গঠন করতে পারব না।”
এনসিপির খালিদ সাইফুল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনকে তাদের দলীয় সূচনার ভিত্তি উল্লেখ করে প্রস্তাবসমূহের প্রতি সমর্থন জানালোও আইনটির সুফল পেতে সমস্ত নাগরিকের পৃথক তথ্যসংগ্রহ–বিশ্লেষণ ও পরিচয় নিশ্চিতকরণের ওপর জোর দেন।
সামাজিক বৈষম্য মোকাবেলায় ব্যর্থ হলে “গণতন্ত্রের ধ্বংসস্তূপ থেকে একনায়কতন্ত্রের দানবের উত্থান” ঘটতে পারে বলে সতর্ক করেন অর্থনীতিবিদ ড. এস আর ওসমানী।
অনুষ্ঠানে হিজড়া, চা–শ্রমিক ও হরিজনসহ বিভিন্ন প্রান্তিক সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নিয়ে তাঁদের অভিজ্ঞতা, উদ্বেগ ও সুপারিশ তুলে ধরেন। আয়োজকেরা জানান, রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার ও অংশীজনদের মতামতের ভিত্তিতে বৈষম্য বিরোধী আইনের একটি সুস্পষ্ট খসড়া প্রস্তাবনায় কাজ এগিয়ে নেওয়া হবে।




