বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

এনসিপিসহ তিন দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার সন্ধ্যায় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ইসি জানায়, তিন দলকেই প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য উপযুক্ত মনে করা হয়েছে এবং এ বিষয়ে ১২ নভেম্বর পর্যন্ত দাবি–আপত্তি গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ে পাওয়া তথ্য–উপাত্ত পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত হবে; দাবি–আপত্তি নিষ্পত্তির পর নিবন্ধনের সনদ দেওয়া হবে।

জাতীয় নাগরিক পার্টিকে ‘শাপলা কলি’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্ক্সবাদী) ‘কাঁচি’ এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক বরাদ্দ করে পৃথকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছেন। দলের ঠিকানা: রূপায়ণ ট্রেড সেন্টার (২য় তলা), ১১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামোটর, ঢাকা–১২০৫। তাঁদের প্রার্থিত প্রতীক ‘শাপলা কলি’। এ নিবন্ধন বিষয়ে কারও আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলাদিসহ ১২ নভেম্বরের মধ্যে লিখিতভাবে ইসিতে জানাতে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে ইসি সচিব আখতার আহমেদ বলেন, কমিশন মনে করেছে—এই তিনটি দল নিবন্ধন পাওয়ার যোগ্য। গণবিজ্ঞপ্তি বুধবার পত্রিকায় প্রকাশ হবে এবং ১২ নভেম্বর পর্যন্ত দাবি–আপত্তির সময়সীমা বহাল থাকবে।

ইসি সূত্র জানায়, নির্ধারিত সময়ে ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। প্রাথমিক যাচাই–বাছাইয়ের পর ২২টি দলকে নিয়ে মাঠপর্যায়ে তদন্ত হয়। তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধনের জন্য নির্বাচিত করে কমিশন।

দাবি–আপত্তির সময়সীমা শেষে প্রাপ্ত তথ্য যাচাই করে ইসি চূড়ান্ত নিবন্ধন দেবে কি না সেই সিদ্ধান্ত জানাবে। নিবন্ধন পেলে দলগুলো বরাদ্দপ্রাপ্ত প্রতীকেই ভবিষ্যৎ নির্বাচনে অংশ নিতে পারবে।