বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ফেব্রুয়ারির নির্বাচন প্রশ্নে ‘অপচেষ্টা’ দেখছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

ঐকমত্য কমিশনের সুপারিশকে “জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার শামিল” আখ্যা দিয়ে বিএনপি বলেছে, এর মাধ্যমে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্টেকহোল্ডারদের মধ্যে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সঠিক সময়ে না করার “অপচেষ্টা” চলছে। দলের মতে, এ ইস্যুতে ঐকমত্য কমিশন, সরকার ও আরও দু–একটি রাজনৈতিক দল কার্যত একই পক্ষ হয়ে দাঁড়িয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের শীর্ষ নেতারা এ প্রতিক্রিয়া জানান বলে সভা–সূত্র জানিয়েছে। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্থায়ী কমিটির নেতারা অভিযোগ করেন, সবচেয়ে বড় স্টেকহোল্ডার হওয়া সত্ত্বেও কমিশনের সুপারিশে বিএনপির মতামত উপেক্ষা করা হয়েছে। বিশেষ করে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ সনদে লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রাখা হয়নি—এতে দলটি “বিস্মিত ও ক্ষুব্ধ” বলে সভায় উল্লেখ করা হয়। এক সদস্য গণভোটে পাস হওয়া প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত করার প্রস্তাবকে ইয়াহিয়া খানের লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার (এলএফও) ও আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের সঙ্গে তুলনা করেন। তাঁর ভাষ্য, দুটি দলের প্রস্তাব ও কমিশনের ভাবনা “জাতির ওপর চাপিয়ে দেওয়া” হচ্ছে।

বৈঠকে আরও বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা পুনরুদ্ধার, ব্যাংকিং খাতে সুশাসন বা অন্যান্য সংস্কার–ইস্যুর মতো রাষ্ট্রীয় প্রক্রিয়ায় “রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হস্তক্ষেপ” গণতান্ত্রিক পথকে দুর্বল করছে; নির্বাচন বিলম্বিত করার যেকোনো ‘চেষ্টা’ গণতন্ত্রের জন্য অশনি–সঙ্কেত।

সভায় উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমানসহ অন্যরা।