গুম হত্যার চেয়েও নিকৃষ্ট অপরাধ উল্লেখ করে শুধু আইনগত নয়, প্রাতিষ্ঠানিক সংস্কারও জরুরি—এমন মত প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার গুলশানের হোটেল আমারিতে দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বহু প্রাণ ও ত্যাগের বিনিময়ে যে পরিবর্তিত পরিবেশ তৈরি হয়েছে, তা টেকসই করতে গুমের বিচার নিশ্চিত করা অপরিহার্য।
বিচারকদের উদ্দেশে ড. আসিফ নজরুল আরও বলেন, গুম–বিষয়ক মামলার বিচার বাস্তবায়নে সাহসী ও ন্যায্য ভূমিকা রাখতে হবে। বিচার বিভাগের নিরপেক্ষতা ও দৃঢ় অবস্থানই একদিন বাংলাদেশ থেকে গুমের সংস্কৃতি নির্মূল করবে।
কর্মশালাটি আয়োজন করে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি, সহযোগিতায় ছিল ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (OHCHR)।
মূল প্রবন্ধে কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, গুম প্রতিরোধে বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা ও মানবাধিকার কাঠামোর মধ্যে সমন্বিত সহযোগিতা অপরিহার্য। আন্তর্জাতিক মানবাধিকার আইন, সাক্ষ্য–প্রমাণের বৈজ্ঞানিক বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে সক্ষমতা বাড়ানোই গুমের বিচার নিশ্চিতের মূল চাবিকাঠি।
কমিশনের সদস্য বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী বলেন, গুম–সংক্রান্ত মামলার কার্যকর তদন্ত ও বিচার নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সংস্কার এখন সময়ের দাবি। তিনি জানান, কমিশন ইতোমধ্যে বিদ্যমান আইন পর্যালোচনা করে দ্রুত নিষ্পত্তি, সাক্ষী সুরক্ষা ও ভুক্তভোগী পরিবারের আইনি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন সংশোধনের প্রস্তাব প্রস্তুত করছে।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান। কর্মশালা সঞ্চালনা করেন কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস। দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালের প্রায় ৯০ জন বিচারক ও প্রশিক্ষণার্থী এতে অংশ নেন।




