জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫–এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
ব্রিফিংয়ে তিনি জানান, সংশোধনীগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংক্রান্ত বিধান বাতিল এবং ‘না ভোট’ পুনর্বহাল। কোনো আসনে একমাত্র প্রার্থী থাকলে ভোটাররা ‘না ভোট’ দিতে পারবেন; ‘না ভোট’ সংখ্যাগরিষ্ঠ হলে সেই আসনে পুনরায় নির্বাচন হবে। তিনি বলেন, ২০১৪ সালের মতো সাজানো নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতেই এ বিধান সংযোজন করা হয়েছে।
নতুন আরপিও অনুযায়ী প্রার্থীদের দেশি ও বিদেশি উৎস থেকে আয় ও সম্পত্তির পূর্ণ বিবরণ হলফনামায় দিতে হবে এবং নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, যাতে ভোটাররা সহজেই প্রার্থীদের আর্থিক অবস্থা জানতে পারেন। একই সঙ্গে পলাতক আসামিদের নির্বাচন করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলাভিত্তিক নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। নির্বাচনী জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। কোনো রাজনৈতিক দলে ৫০ হাজার টাকার বেশি অনুদান বা চাঁদা দিতে হলে ব্যাংকিং চ্যানেল ব্যবহার বাধ্যতামূলক এবং অনুদানদাতাকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে।
বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটার ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ডাক ভোটে ভোট দিতে পারবেন। ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। কোনো নির্বাচনী এলাকায় ব্যাপক অনিয়ম হলে পুরো এলাকার ভোট বাতিলের ক্ষমতা ইসিকে দেওয়া হয়েছে। জোটের প্রার্থীদের প্রতীক ব্যবহারে স্বচ্ছতা আনতেও নতুন বিধান যুক্ত হয়েছে।
সভায় বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ এবং আরপিও–২০২৫ চূড়ান্তভাবে অনুমোদিত হয়। সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন’ নীতিগত অনুমোদন পেয়েছে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।




