আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথকভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে দল দুটির প্রতিনিধি দল এই দাবি জানায়।
বৈঠকে নির্বাচনকালীন নিরপেক্ষ প্রশাসন, জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচন কমিশনের পুনর্গঠন ও বিচারব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ইউনূস উভয় দলকে আশ্বস্ত করেন, আসন্ন জাতীয় নির্বাচন নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তী সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, “আমাদের নিরপেক্ষতা নিয়ে কারও সন্দেহ থাকা উচিত নয়। অন্তর্বর্তী সরকার এমন একটি পরিবেশ সৃষ্টি করবে, যাতে জনগণ মুক্তভাবে ভোট দিতে পারে।” তিনি আরও জানান, নির্বাচনের আগে প্রশাসনের যেকোনো রদবদল তিনি নিজেই তদারকি করবেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেবেন।
প্রথমে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “জুলাই সনদে স্বাক্ষরের আগে আমরা এর বাস্তবায়নপ্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হতে চাই। কেবল কাগজে-কলমে প্রতিশ্রুতিতে নয়, বাস্তবে কিভাবে তা কার্যকর হবে—সেই নিশ্চয়তা প্রয়োজন।”
তিনি জানান, এনসিপি তিনটি দাবি জানিয়েছে—জুলাই সনদের আদেশ কেবল ড. ইউনূসই জারি করবেন; ‘নোট অব ডিসেন্ট’-এর কোনো কার্যকারিতা থাকবে না; এবং জুলাই সনদ চূড়ান্ত করতে গণভোট আয়োজন করতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশন পুনর্গঠন ও প্রশাসনিক রদবদলে স্বচ্ছতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
এরপর জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, “জুলাই সনদে আমরা সংস্কারের বিষয়ে একমত হয়ে স্বাক্ষর করেছি, এখন এর সাংবিধানিক বৈধতা দিতে হবে। প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে একমত হয়েছেন যে, একটি আদেশের মাধ্যমে এটি আইনি রূপ পাবে এবং পরে গণভোটে তা অনুমোদিত হবে।”
জামায়াতের নায়েবে আমির বলেন, “গণভোট ও নির্বাচন একই দিনে হলে জটিলতা তৈরি হবে। তাই জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়াই যুক্তিসঙ্গত।”
উভয় বৈঠকে উপস্থিত ছিলেন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।




