বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়কের ভূমিকা নিতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

অর্থবহ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। ড. ইউনূস আশ্বাস দিয়েছেন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা চাই, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন যেন অর্থবহ হয়। সেই নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনতে এখন থেকেই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে প্রশাসনে এমন কর্মকর্তারা রয়েছেন, যারা পুরাতন সরকারের স্বার্থে কাজ করছেন। আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, এসব দলীয় কর্মকর্তাদের সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে। সচিবালয় থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।”

বিএনপি মহাসচিব আরও জানান, পুলিশ ও বিচার বিভাগেও নতুন নিয়োগ ও বদলির ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানানো হয়েছে। তিনি বলেন, “যদি প্রশাসন ও বিচার বিভাগ স্বচ্ছভাবে কাজ করে, তাহলে দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো নির্বাচনের ফলাফল মেনে নেবে।”

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

অন্যদিকে, সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “নির্বাচন একটি মহা আয়োজন। আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। জেলা প্রশাসক ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম, তারাই নিয়োগ পাবেন। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব।”

বিএনপি নেতারা বৈঠকে স্বৈরাচারী আমলের বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বে না রাখার অনুরোধ জানান। তারা জাতিসংঘ সাধারণ অধিবেশনে রাজনৈতিক সম্পৃক্ততার উদ্যোগ এবং ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর সফল স্বাক্ষরের জন্য সরকারকে অভিনন্দন জানান।

এছাড়া, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতারা বলেন, “এসব ঘটনা অন্তর্ঘাতমূলক কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।”

চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।