বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

কার্গো ভিলেজের আগুনে বিলিয়ন ডলারের ক্ষতি, ‘ওয়েক-আপ কল’ বলছেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডকে দেশের বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ‘ওয়েক-আপ কল’ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা। তাঁদের মতে, এ দুর্ঘটনা বিমানবন্দরের দীর্ঘদিনের অব্যবস্থাপনা, আধুনিকায়নে অনীহা ও অগ্নিনিরাপত্তার চরম ঘাটতিকে নগ্নভাবে প্রকাশ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ প্রচেষ্টায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সম্পূর্ণ নির্বাপণ ঘোষণা আসে রবিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে। আগুনে শত কোটি টাকার আমদানি পণ্য পুড়ে যায় এবং বিমান চলাচল বন্ধ থাকে ছয় ঘণ্টারও বেশি সময়।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, কার্গো ভিলেজে অগ্নিনির্বাপণের স্বয়ংক্রিয় ডিটেকশন বা প্রটেকশন সিস্টেম না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি বলেন, “এ ধরনের সিস্টেম থাকলে এত বড় দুর্ঘটনা হতো না।”

ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ জানিয়েছে, ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি হতে পারে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) কার্গো ভিলেজ আধুনিকায়নের দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “এ ধরনের কী পয়েন্ট ইনস্টলেশনে এমন আগুন দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।”

অ্যামচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, “অত্যন্ত সংবেদনশীল স্থানে নিরাপত্তাব্যবস্থার অভাব দেশের বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করবে।”

অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, “এই ঘটনায় নাশকতাসহ কোনো কিছুই উড়িয়ে দেওয়া হবে না, সব বিষয় তদন্তের আওতায় আনা হবে।”

ফায়ার সার্ভিস বলছে, আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে কেমিক্যাল মজুদ ও অগ্নিনিরাপত্তার ঘাটতি দুর্ঘটনাকে ভয়াবহ করে তুলেছে।

অন্যদিকে ব্যবসায়ী ও এভিয়েশন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বিমানবন্দরের কাস্টমস গুদাম ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্স এখনো অগ্নিঝুঁকির শীর্ষে রয়েছে। সেখানে দাহ্য ও বিস্ফোরক পদার্থ অরক্ষিতভাবে রাখা আছে, এবং অগ্নিনির্বাপণব্যবস্থা দীর্ঘদিন অচল।

বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, “এই ঘটনা আমাদের লজিস্টিক দুর্বলতাকে নগ্ন করেছে। তাৎক্ষণিকভাবে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় ঘটতে পারে।”

অগ্নিকাণ্ডের পর বিমানবন্দর কর্তৃপক্ষ বিকল্প স্থানে পণ্য খালাস কার্যক্রম শুরু করেছে এবং জিএসই মেইনটেন্যান্স এলাকাকে অস্থায়ী কার্গো সংরক্ষণের জন্য নির্ধারণ করা হয়েছে।