বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

রবিবার (১৯ অক্টোবর) সকালে সিলেটে জেলা পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইসি আনোয়ারুল বলেন, ‘আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। স্থগিত দল হওয়া মানে তাদের যাবতীয় কার্যক্রমও স্থগিত। তাই আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না।’

তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রমজানের আগেই অনুষ্ঠিত হবে। ‘নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি,’ বলেন তিনি।

নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না। সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কোনো কর্মকর্তা যাতে নির্বাচনী দায়িত্বে না থাকেন, সে বিষয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রতীকসংক্রান্ত বিষয়ে ইসি আনোয়ারুল বলেন, ‘প্রতীক নির্ধারণ সংবিধান ও নির্বাচনী বিধিমালার আওতায় করা হয়। শাপলা প্রতীক সেই তালিকায় নেই, তাই তা বরাদ্দ দেওয়ার সুযোগও নেই।’

নির্বাচনকে সামনে রেখে সব বাহিনী প্রস্তুত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।