তিস্তা বাঁচানোর দাবিতে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় একযোগে মশাল প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর বিভাগের লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় মোট ১১টি পয়েন্টে একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন আন্দোলনের প্রধান সমন্বয়ক, সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। কর্মসূচিতে পাঁচ জেলার বিভিন্ন স্থান থেকে লাখো মানুষের সমাগম ঘটে।
আসাদুল হাবিব দুলু বলেন, “তিস্তা শুধু উত্তরাঞ্চলের নয়, বাংলাদেশের অর্থনীতির প্রাণ। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। জনগণ এখন তিস্তার ন্যায্য অধিকার আদায়ে রাস্তায় নেমেছে।”
তিনি আরও বলেন, “তিস্তা সমস্যা কোনো স্থানীয় ইস্যু নয়—এটি জাতীয় সমস্যা। দীর্ঘ ১৬ বছর ধরে এক ধরনের ফ্যাসিবাদী শাসন রংপুর অঞ্চলের মানুষের বুকের ভেতরে জগদ্দল পাথরের মতো বসে আছে, তবুও আমাদের আন্দোলন থামবে না।”
তিস্তা মহাপরিকল্পনার বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে দুলু বলেন, “তিস্তা মহাপরিকল্পনার বিপক্ষে যারা দাঁড়াবে, তারা জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত হবেন।”
তিনি সরকারকে নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার আহ্বান জানান।
আন্দোলনের অংশ হিসেবে এর আগে লালমনিরহাটে গণমিছিল, গণসমাবেশ, পদযাত্রা ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মশাল প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, রংপুর মহানগর বিএনপির সভাপতি শামসুজ্জামান শামু, এবং কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসাসহ পাঁচ জেলার রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
অংশগ্রহণকারীরা শ্লোগান দেন—“জাগো বাহে তিস্তা বাঁচাই, তিস্তার ন্যায্য হিস্যা চাই।”
প্রবাহিত ১৩০ কিলোমিটার দীর্ঘ তিস্তা নদী রক্ষায় চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা সতর্ক করেছেন, নভেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শুরু না হলে তারা বৃহত্তর রাজনৈতিক আন্দোলন গড়ে তুলবেন।




