বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়: পাস কমে ৫৮ শতাংশ, জিপিএ-৫ অর্ধেক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষাজগতে দেখা দিয়েছে ব্যাপক আলোচনা ও উদ্বেগ। এবারের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। একই সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৯৭ জনে, যা গত বছরের তুলনায় প্রায় ৭৬ হাজার ৮১৪ জন কম।

শিক্ষা বোর্ডগুলোর তথ্যে দেখা যায়, দেশের প্রায় সব অঞ্চলেই ফলাফল নিম্নমুখী। বিশেষ করে ঢাকা, কুমিল্লা, বরিশাল ও রাজশাহী বোর্ডে পাসের হার গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাতটি কলেজের মধ্যে পাঁচটিতে দেখা গেছে ব্যাপক ফলাফল বিপর্যয়। নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে ৩৩০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৯৬ জন পাস করেছে—পাসের হার ২৯ দশমিক ০৯ শতাংশ। ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় শিক্ষকরা।

শিক্ষকরা বলছেন, প্রস্তুতির ঘাটতি, প্রশ্নের জটিলতা এবং করোনাকালের শিক্ষাব্যবস্থার ধারাবাহিক প্রভাব এখনো কাটেনি।

ফলাফল ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের হতাশা প্রকাশ পেতে শুরু করেছে। অনেকেই বলছেন, “প্রশ্নপত্র অপ্রত্যাশিতভাবে কঠিন ছিল”, আবার কেউ কেউ পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। বিভিন্ন শিক্ষা বোর্ডে ইতিমধ্যে শত শত শিক্ষার্থী পুনর্মূল্যায়নের আবেদন করেছেন।

শিক্ষাবিদরা বলছেন, এ ফলাফল শুধু শিক্ষার্থীদের দুর্বলতা নয়, বরং গোটা শিক্ষাব্যবস্থার সংকটের প্রতিফলন। তাদের মতে, এটি কাঠামোগত দুর্বলতার ফল। শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যসূচির জটিলতা এবং শিক্ষার্থীর মানসিক প্রস্তুতি—সব মিলিয়েই ফলাফল এমন হয়েছে। অন্যদিকে, অনেকে মনে করেন, শিক্ষার্থীরা কেবল পরীক্ষার জন্য প্রস্তুত হয়, শেখার জন্য নয়—এই প্রবণতা না বদলালে ভবিষ্যতে আরও বিপর্যয় আসবে।

ফলাফল প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফলাফল নিয়ে বিস্তারিত বিশ্লেষণ চলছে।
শিক্ষা উপদেষ্টা বলেছেন, “কেন ফলাফল নিম্নমুখী হলো, তা খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। প্রয়োজনে পাঠ্যসূচি, প্রশ্নপত্র বিন্যাস ও মূল্যায়ন পদ্ধতি পর্যালোচনা করা হবে।”

শিক্ষাবিদরা বলছেন, এই ফলাফলকে সতর্কবার্তা হিসেবে নিতে হবে। শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ জোরদার করা, শিক্ষার্থীর মানসিক সহায়তা ও পরামর্শ সেবা চালু করা, বিদ্যালয় ও কলেজভিত্তিক শেখার পরিবেশ পুনর্গঠন—এসব উদ্যোগ এখন সময়ের দাবি বলে মত দিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞরা।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী পাস করেছে। এ বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে।

এর মধ্যে ছাত্র ছিল ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন। তাদের মধ্যে পাস করেছে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। পাসের হার ৫৪.৬০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩২ হাজার ৫৩ জন।

অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রীর সংখ্যা ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন। তাদের মধ্যে পাস করেছে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন। জিপিএ ৫ পেয়েছে ৩৭ হাজার ৪৪ জন। পাসের হার ৬২.৯৭ শতাংশ।

এ বছর ছাত্রদের চেয়ে ৫৯ হাজার ২৩২ জন ছাত্রী বেশি পাস করেছে এবং ৪ হাজার ৯৯১ জন বেশি জিপিএ ৫ পেয়েছে।

এবার ৮টি বিদেশ কেন্দ্রে ২৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৭৯ জন। পাসের হার ৯৫.৮৮ শতাংশ।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন। পাসের হার ৫৭.১২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬৩ হাজার ২১৯ জন।

এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছে ৬২ লাখ ৬০৯ হাজার জন শিক্ষার্থী। পাসের হার ৭৫.৬১ শতাংশ। এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ২৬৮ জন শিক্ষার্থী।

কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৫ হাজার ৬১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৬ হাজার ১৮৫ জন। পাসের হার ৬২.৬৭ শতাংশ। মোট ১ হাজার ৬১০ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

এ বছর ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৫৯.৪০ শতাংশ, কুমিল্লা বোর্ড ৪৮.৮৬ শতাংশ, যশোর বোর্ডে ৫০.২০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২.৫৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৬২.৫৭ শতাংশ, সিলেট বোর্ডে ৫১.৮৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৭.৪৯ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫১.৫৪ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৫.৬১ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬২.৬৭ শতাংশ।

এ বছর ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আর ২০২টি প্রতিষ্ঠানে একজনও পাস করে নাই।

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২৬ জুন। শেষ হয় ১৯ আগস্ট।