বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জুলাই সনদে অনিশ্চয়তা কাটেনি, তবুও চলছে অনুষ্ঠানের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। শুক্রবার (১৭ অক্টোবর) স্বাক্ষর অনুষ্ঠানের কথা থাকলেও রাজনৈতিক দলগুলোর অবস্থান এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জরুরি বৈঠকে বিভিন্ন দলের প্রতিনিধিরা নিজেদের অবস্থান তুলে ধরেন।

বৈঠকে বিএনপি প্রতিনিধি সালাহউদ্দিন আহমদ জানান, তাঁদের দল সনদে স্বাক্ষর করবে। উচ্চ কক্ষে পিআরের বিষয়ে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে জানিয়ে তিনি বলেন, যেসব বিষয়ে দলগুলোর নোট অব ডিসেন্ট রয়েছে সেগুলো তারা তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করবে। নির্বাচনে জয়ী দল তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী তা বাস্তবায়ন করবে। তিনি বলেন, জুলাই সনদ ও জাতীয় নির্বাচন আলাদা বিষয়, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন যেকোনোভাবেই অনুষ্ঠিত হতে হবে।

অন্যদিকে জামায়াতে ইসলামী নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজনের দাবি জানায়। দলের প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, গণভোটই জাতির ম্যান্ডেট পাওয়ার একমাত্র উপায়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অস্পষ্টতার কথা তুলে ধরে বলেন, নোট অব ডিসেন্টগুলোর বাস্তবায়নপথ স্পষ্ট না হলে স্বাক্ষর করা সম্ভব নয়। তিনি ‘জুলাই আদেশ’ জারি করে সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে সই করার আহ্বান জানান। তিনি বলেন, “এই সনদ শুধু দলিল নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির এক নতুন অধ্যায়। জাতি যেন বুঝতে পারে কেন আমরা একমত হতে পেরেছি, সেই প্রচার করতে হবে।”

তবে বাম গণতান্ত্রিক জোট ও গণফোরামসহ কয়েকটি দল ইতিমধ্যে সনদে স্বাক্ষর না করার ইঙ্গিত দিয়েছে। তাঁদের অভিযোগ, অঙ্গীকারনামায় ১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতি অন্তর্ভুক্ত না করায় ও বাস্তবায়ন প্রক্রিয়া অস্পষ্ট থাকায় তাঁরা এতে যোগ দিচ্ছেন না।

সর্বমোট ছয়টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাব নিয়ে তৈরি জুলাই জাতীয় সনদে ঐকমত্য এলেও গণভোটের সময় ও বাস্তবায়নপদ্ধতি নিয়ে বিভাজন রয়ে গেছে। সব অনিশ্চয়তা সত্ত্বেও শুক্রবারের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন।