বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন। বৈঠকে বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াসহ নানা বিষয়ে আলোচনা হয়।
অধ্যাপক ইউনূস বৈঠকে বলেন, সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, গত ১৬ বছরের নির্বাচন ছিল “প্রহসন”, আর এ নির্বাচন শেষে তিনি তাঁর পূর্বের পেশায় ফিরে যাবেন।
ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, এ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্যের সহায়তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে।
রোজি উইন্টারটন বাংলাদেশের ব্যবসায়িক নীতি, কাস্টমস ও রাজস্ব ব্যবস্থায় সাম্প্রতিক সংস্কারের প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান পরিবহন ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথা উল্লেখ করেন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার নেতৃত্ব ও দেশের প্রধান রাজনৈতিক দলের নেতাদের অন্তর্ভুক্ত করার উদ্যোগেরও প্রশংসা করেন।
বৈঠকে যুক্তরাজ্য থেকে গবেষণা ও জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ এবং উপকূলীয় টহল জাহাজ কেনার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। জানানো হয়, এইচএমএস এন্টারপ্রাইজ অধিগ্রহণ প্রক্রিয়া চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হতে পারে।
সাক্ষাতে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।




