গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নৌবহর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী, লেখক ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, শহিদুল আলমের মুক্তির দাবিতে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীরা সরকারের জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন, “আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে।” তিনি আরও জানান, ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে। একইসঙ্গে তিনি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এর আগে মঙ্গলবার তিনি ফেসবুকে জানিয়েছিলেন, তাদের নৌবহর ‘রেড জোন’-এর কাছাকাছি পৌঁছেছে, যা ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণাধীন বিপজ্জনক এলাকা। সেখানে সম্প্রতি আরেকটি ফ্লোটিলা নৌবহরকে আটকে অধিকারকর্মীদের আটক করেছিল ইসরায়েল।
শহিদুল আলমকে আটক করার ঘটনায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সরকারের কাছে তার নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ফেসবুক পোস্টে লিখেছেন, “শহিদুল আলমকে মুক্তি দিন। আমি সরকারের কাছে আহ্বান জানাই, যেন তার নিরাপদে বাংলাদেশে ফেরার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়।”
এদিকে শহিদুল আলমকে আটক করার প্রতিবাদে বুধবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভে শিক্ষার্থীরা “মুক্তি মুক্তি চাই, শহিদুল আলমের মুক্তি চাই”, “ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি”, “ফিলিস্তিনে মানুষ মরে, জাতিসংঘ কি করে?”—সহ বিভিন্ন স্লোগান দেন।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের গাজা অভিমুখী কনশেনস নামের জাহাজ থেকে আটক শহিদুল আলমকে নিরাপদে দেশে ফেরাতে আন্তর্জাতিক মহলের সহায়তা কামনা করেছেন মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদরা।




