বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

শেখ হাসিনা ও সাবেক সেনা–পুলিশসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুম, অপহরণ, আটক ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ মামলাগুলো আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গুমের একটি মামলায় শেখ হাসিনা ও তার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

অপর মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‌্যাব ও পুলিশের একাধিক সাবেক মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা। গুমের একটি মামলায় ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালককেও আসামি করা হয়েছে।

এ ছাড়া রাজধানীর রামপুরায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় ২৮ জনকে হত্যার ঘটনায় দায়ের করা আরেক মামলার অভিযোগও আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। ওই মামলায় বিজিবি ও ডিএমপির সাবেক চার কর্মকর্তাকে আসামি করে তাঁদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আগামী ২২ অক্টোবরের মধ্যে এসব মামলার আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “অপরাধ যেই করুক, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। এ ক্ষেত্রে অপরাধীর পদমর্যাদা বা ক্ষমতা বিবেচ্য নয়।” তিনি আরও জানান, ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী আসামিরা আর সরকারি চাকরিতে কর্মরত আছেন বলে গণ্য হবেন না।

উল্লেখ্য, সদ্য সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি বা সরকারি চাকরির জন্য অযোগ্য বলে গণ্য হবেন।

গুম-অপহরণের শিকার পরিবারের সদস্যরাও ট্রাইব্যুনালে উপস্থিত থেকে অভিযোগ দাখিল প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।