সিরাজগঞ্জে যমুনা নদীর পানি উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে প্রতি ঘণ্টায় পানি ২ সেন্টিমিটার করে বেড়ে তীরবর্তী এলাকায় ভাঙন ও নিম্নাঞ্চল প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। নদীপারের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, রবিবার থেকে যমুনার পানি বৃদ্ধি শুরু হয়। মঙ্গলবার ভোর ৬টায় কাজিপুর পয়েন্টে পানি বেড়ে ৭৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১৯৪ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। হার্ডপয়েন্ট এলাকায় পানি বেড়ে ৬৪ সেন্টিমিটার হলেও তা এখনও বিপৎসীমার নিচে রয়েছে।
পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, “যমুনার পানি এখনো বিপৎসীমার নিচে, তবে প্রতি ঘণ্টায় বৃদ্ধি পাচ্ছে। তীরবর্তী অঞ্চলে ভাঙনের ঝুঁকি রয়েছে।”
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান আশ্বস্ত করে বলেন, “পানি আরও ১-২ দিন বাড়তে পারে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বড় কোনো বন্যার আশঙ্কা নেই।”
তবে পানি বৃদ্ধির কারণে জেলার কিছু নিম্নাঞ্চল ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। নদীতীরবর্তী মানুষ ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রতি বছর পানি ওঠানামার সময় যমুনার তীরে ভাঙন দেখা দেয়; এবারও ফসলি জমি ও ঘরবাড়ি হারানোর আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা।




