বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

৯টি নৌযান একসঙ্গে গাজার পথে: শহীদুল আলম

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজাগামী নৌবহর আন্তর্জাতিক জলসীমায় এগিয়ে যাচ্ছে। বৃহত্তম জাহাজ ‘কনশানস’ তার সামনে থাকা আটটি নৌযানকে ছুঁয়ে ফেলার পর শনিবার (৪ অক্টোবর) শহীদুল আলম জানান, সব নৌযান একসঙ্গে গাজার দিকে এগোচ্ছে।

দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্র শিল্পী শহীদুল আলম ফেসবুকে জানিয়েছেন, তিনিও কনশানস জাহাজটিতে রয়েছেন। নৌবহরের উদ্দেশ্য মূলত ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা এবং গাজার পরিস্থিতি বিশ্বমঞ্চে তুলে ধরা।

এফএফসি (ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। কনশানসকে ‘মিডিয়া ফ্লোটিলা’ বলা হচ্ছে, কারণ এতে ২৫টি দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীসহ মোট ৯৬ জন অ্যাকটিভিস্ট রয়েছেন। এর মধ্যে ৮২ জন মিডিয়া ও চিকিৎসা পেশাজীবী।

শহীদুল আলম বলেন, “আমরা মানবিক সহায়তা পৌঁছানোর জন্য যাচ্ছি না। প্রধান লক্ষ্য ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা এবং সাংবাদিক ও চিকিৎসকদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদ জানানো। গাজার বাস্তব পরিস্থিতি পুরো বিশ্বের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “থাউজেন্ড ম্যাডলিনস এক অসাধারণ উদ্যোগ। বিশ্বের সাধারণ মানুষ নিজেরাই পদক্ষেপ নিচ্ছে। হাজার জাহাজের এই ধারণা প্রতীকী হলেও এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় সমুদ্রযান বহর।”

সাম্প্রতিক দুই বছরে ইসরায়েল বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা দিয়েছে এবং ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২৭০-এর বেশি সাংবাদিক নিহত হয়েছেন, অনেকেই আটক ও বন্দী।

কনশানস জাহাজ ইতালি থেকে ৩০ সেপ্টেম্বর রওনা হয়েছিল, এরপরও দ্রুতগতিতে এগিয়ে গিয়ে আটটি নৌযানকে ছুঁয়ে ফেলে। বর্তমানে সব নৌযান একসঙ্গে গাজার দিকে এগোচ্ছে। এই অভিযান আন্তর্জাতিক নজর কাড়ছে, কারণ এটি গাজার অবরোধ ভাঙার সবচেয়ে বড় সমুদ্রযান বহরের অংশ।