বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বাংলাদেশ মানবপাচার-বিরোধী পদক্ষেপ জোরদার করেছে : টিআইপি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার পররাষ্ট্র দপ্তরের সদ্য প্রকাশিত ২০২৫ সালের মানবপাচার (ট্রাফিকিং ইন পারসনস–টিআইপি) প্রতিবেদনে বাংলাদেশকে দ্বিতীয় স্তরে রাখা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শাসনব্যবস্থার পরিবর্তন ও বৈশ্বিক অভিবাসন সংকট সত্ত্বেও মানবপাচার মোকাবিলায় বাংলাদেশ উল্লেখযোগ্য ও টেকসই অগ্রগতি দেখিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ এখনো মানবপাচার নির্মূলের সর্বনিম্ন মান সম্পূর্ণরূপে পূরণ করতে না পারলেও আগের তুলনায় ভুক্তভোগী শনাক্তকরণ, সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে দৃশ্যমান সাফল্য অর্জন করেছে।

২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে পাচারের শিকার শনাক্তকৃত মানুষের সংখ্যা বেড়েছে। এবার মোট ১ হাজার ৪৬২ জন ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে, যেখানে আগের বছর শনাক্ত হয়েছিল ১ হাজার ২১০ জন। এর মধ্যে ১৪৪ জন যৌনকর্মে জোরপূর্বক নিযুক্ত, ২৮৫ জন জোরপূর্বক শ্রমে নিয়োজিত এবং ১ হাজার ৩৩ জন অন্যভাবে পাচারের শিকার।

প্রতিবেদনে সরকারকে প্রশংসা করা হয়েছে ‘ন্যাশনাল রেফারেল মেকানিজম’ চালু করা, সম্মুখ সারির কর্মকর্তা যেমন পুলিশ, শ্রম পরিদর্শক ও অভিবাসন কর্মকর্তাদের প্রশিক্ষণ বৃদ্ধি করা এবং ভুক্তভোগীদের স্বাস্থ্যসেবা, আশ্রয় ও আইনি সহায়তা প্রদানের উদ্যোগের জন্য। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন কেন্দ্র এসব সেবা প্রদান করছে।

আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও বাংলাদেশ সক্রিয় ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইন্টারপোলসহ আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে যৌথ তদন্ত, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে সহযোগিতা, এমনকি বঙ্গোপসাগরীয় অঞ্চলে পাচারবিরোধী সমন্বয় জোরদারের উদ্যোগের কথাও এতে উল্লেখ করা হয়েছে।

মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বছর ৬২১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা আগের বছরের তুলনায় বেশি। জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮–২০২৫) বাস্তবায়নের অংশ হিসেবে গণমাধ্যম, রেডিও ও ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে। একইসঙ্গে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিদেশগামী শ্রমিকদের প্রস্থান-পূর্ব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নারী গৃহকর্মীদের জন্য বিশেষ ৩০ দিনের কোর্স চালু হয়েছে।

এছাড়া বিদেশগামী কর্মীদের শোষণ কমাতে নিয়োগকর্তা প্রদত্ত নিয়োগ মডেল চালু করা হয়েছে এবং মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রুনাইসহ গুরুত্বপূর্ণ গন্তব্যের সঙ্গে দ্বিপাক্ষিক শ্রমচুক্তি জোরদার করা হয়েছে। দেশে ফিরে আসা অভিবাসী ও পাচারের শিকারদের পুনর্বাসনে সমন্বিত পরিকল্পনাও গ্রহণ করেছে সরকার।

প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, চলমান সংস্কার, প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গীকারকে স্পষ্টভাবে প্রতিফলিত করছে। দ্বিতীয় স্তরে থাকা বাংলাদেশ এখন পাচারবিরোধী প্রচেষ্টায় এক ধাপ এগিয়েছে, যা আইনের শাসন প্রতিষ্ঠা, অভিবাসী সুরক্ষা ও ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিতকরণের প্রতি ক্রমবর্ধমান প্রতিশ্রুতিকে নির্দেশ করে।