বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

হজের খরচ কমল, তিনটি প্যাকেজ ঘোষণা সরকারের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। বিমানভাড়া কমায় এ বছর হজের খরচ কিছুটা কমলেও স্বাস্থ্যবীমা, তাঁবুভাড়া ও নতুন খাতে ব্যয় যুক্ত হওয়ায় সামগ্রিক খরচে পরিবর্তন এসেছে।

রবিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, চলতি বছরের তুলনায় এবার সরকারি প্যাকেজ বাড়ানো হয়েছে এবং নতুন সংযোজন হিসেবে আজিজিয়া এলাকায় হাজিদের আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় ঘোষিত প্যাকেজগুলো হলো—
প্যাকেজ-১ (বিশেষ): মক্কায় হারাম শরিফ থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা দেওয়া হবে। এক রুমে সর্বোচ্চ পাঁচজন থাকবেন। মিনায় জোন-২-এ তাঁবু এবং ‘ডি+’ ক্যাটাগরির সেবা পাওয়া যাবে। খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।

প্যাকেজ-২: হারাম শরিফ থেকে ১.২ থেকে ১.৮ কিলোমিটার দূরে এবং মদিনার মারকাজিয়া এলাকায় আবাসন দেওয়া হবে। এক রুমে ছয়জন পর্যন্ত থাকতে পারবেন। মিনায় জোন-২-এ তাঁবু ও ‘ডি’ ক্যাটাগরির সেবা থাকবে। খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।

প্যাকেজ-৩ (নতুন সংযোজন): মক্কার আজিজিয়া এলাকায় ও মদিনার মারকাজিয়ার বাইরে আবাসনের ব্যবস্থা করা হবে। এক রুমে সর্বোচ্চ ছয়জন থাকবেন। মিনায় জোন-৫-এ তাঁবু এবং ‘ডি’ ক্যাটাগরির সেবা দেওয়া হবে। হাজিরা হারাম শরিফে নামাজের জন্য এসি বাসে যাতায়াত করতে পারবেন। খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এর নিচে কোনো এজেন্সি প্যাকেজ ঘোষণা করতে পারবে না।

এবারের প্যাকেজে কিছু নতুন ব্যয় যুক্ত হয়েছে। সৌদি সরকার স্বাস্থ্যবীমার খরচ বাড়িয়েছে ১৩০ সৌদি রিয়াল (প্রায় ৪,২৭০ টাকা)। মিনা ও আরাফার তাঁবুভাড়া বেড়েছে ৪.২ শতাংশ। পাশাপাশি প্রথমবারের মতো ‘দমে শোকর’ বাবদ ৭২০ সৌদি রিয়াল (২৩,৬৫২ টাকা) প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া সৌদি রিয়ালের দর বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৫ পয়সা।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে সম্ভাব্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে, যা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।

প্যাকেজ মূল্যের পুরো অর্থ জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। হজচুক্তি হবে ৯ নভেম্বর, বাড়িভাড়া ও পরিবহন চুক্তি শেষ করতে হবে ১ ফেব্রুয়ারির মধ্যে। হজ ভিসা ইস্যু শুরু হবে ৮ ফেব্রুয়ারি এবং হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় এবারই প্রথম আজিজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বিশ্বের বৃহত্তম হজযাত্রী প্রেরণকারী দেশ ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই এই এলাকায় হাজিদের রাখছে। বাংলাদেশের হাজিদের পুরোনো আবাসন এলাকা সৌদি সরকার ভেঙে ফেলার কারণে এবার নতুন এই ব্যবস্থাপনা নেওয়া হয়েছে।