প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্কে পৌঁছেই হামলার শিকার হলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। স্থানীয় সময় বিকেল তিনটার দিকে জেএফকে বিমানবন্দরে অবতরণের পর বিকেল সাড়ে চারটার দিকে জেএফকে এয়ারপোর্টের বাইরে বের হন আকতার হোসেন ও একই দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
আগে থেকেই বিমানবন্দরের বাইরে অপেক্ষা করা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা আকতার হোসেন ও তাসনিম জারাকে ঘিরে ধরেন। তৈরি হয় চরম উত্তেজনাকর এক পরিস্থিতি।
এসময় তাদেরকে দ্রুত পায়ে এয়ারপোর্ট ছাড়ার চেষ্টা করতে দেখা যায়। উত্তেজিত নেতাকর্মীরা অশ্লীল ভাষাও প্রোয়োগ করেন। এসময় পেছন থেকে একজন হঠাৎ করে আকতার হোসেনের পিঠে ডিম ছুড়ে মারেন। তখন আকতারের ঠিক পাশেই হাটছিলেন তাসনিম জারা।
এক পর্যায়ে অপেক্ষমান গাড়িতে উঠেন পড়েন আকতার হোসেন। তবে এতেই শান্ত হয়নি পরিস্থিতি, গাড়ির সামনে শুয়ে পড়েন আওয়ামী লীগের সমর্থকরা। এয়ারপোর্টে কর্মরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। বেশকিছুক্ষণ পর এয়ারপোর্ট ছাড়েন আকতার হোসেন।
এর আগে বেলা ১২টার দিকে জেএফকে এয়ারপোর্টের টার্মিনাল ৮ এর সামনে ড. মুহাম্মদ ইউনূসের আগমনের প্রতিবাদ জানান আমেরিকায় অবস্থানরত আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিভিন্ন ব্যানার, প্লাকার্ড হাতে বিক্ষোভ করেন তারা। গো ব্যাক ইউনুস স্লোগান তুলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
আওয়ামী লীগ নেতাদের বিক্ষোভ কর্মসূচির কিছু পরে বেলা ১টার দিকে জেএফকে এয়ারপোর্টে অবস্থান নেন বিনএপির নেতাকর্মীরা। ব্যানার প্লাকার্ড হাতে স্লোগান দিয়ে ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি মাহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সফরসঙ্গীদের স্বাগত জানান তারা।
জাতিসংঘের এবারের সাধারণ অধিবেশন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, এই সফরের মাধ্যমে বিশ্ববাসী বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সুস্পষ্ট ধারণা পাবে।
বাংলাদেশের অগ্রযাত্রা আর কোনো অপশক্তি বাধাগ্রস্ত করতে পারবে না উল্লেখ করে নির্ধারিত সময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি নেতারা।
স্থানীয় সময় সোমবার বিকেল তিনটা নাগাদ নি উইয়র্কের জেএফকে এয়ারপোর্টে অবতরণ করেন বাংলাদেশে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের গত এক বছরের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অঙ্গীকার তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।




