আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ অক্টোবর ২০০৭ বা তার আগে জন্ম নেওয়া নাগরিকরা চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য। এ লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ এবং তা নিষ্পত্তির জন্য সময়সূচি নির্ধারণ করেছে ইসি।
ইসির নির্ধারিত সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিংক পাঠানোর শেষ তারিখ ২৫ অক্টোবর। খসড়া তালিকা মুদ্রণ ও প্রকাশ করা হবে ১ নভেম্বর। এরপর দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ নভেম্বর এবং এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ১৭ নভেম্বর।
চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৮ নভেম্বর।
এর আগে গত ৩১ আগস্ট ২০২৫ সালের সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি। ওই তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের অন্তর্ভুক্ত করেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচনী প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।




