জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
স্থানীয় সময় সোমবার বিকেল ৩টায় জেএফকে বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।
এর আগে রবিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা আমেরিকার উদ্দেশে রওনা দেন।
বিমানবন্দরে বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের উপস্থিতি পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। তবে এ পর্যন্ত সহিংসতা বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি। প্রথমে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ করেন জেএফকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে। বিক্ষোভ শেষ করে তারা বিমানবন্দর ত্যাগ করলে একই স্থানে মিছিল স্লোগানে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা।
তবে, সফরকে ঘিরে এর আগেই রবিবার সন্ধ্যার পর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে দুই দলের সমর্থকরা সমাবেশ করেন। ডাইভারসিটি প্লাজা এলাকায় ঘণ্টাব্যাপী স্লোগান–পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ১০টার দিকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
প্রধান উপদেষ্টার সফরে থাকা প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পরে জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেকও প্রতিনিধি দলে যোগ দেবেন।
সফরের অন্যতম গুরুত্ব পাচ্ছে রোহিঙ্গা সংকট। এবারই প্রথম জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গাবিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক বসবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বৈঠককে সংকট সমাধানের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এ ছাড়া আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সেখানে তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতির চিত্র বিশ্বদরবারে তুলে ধরবেন।
সফরের শুরুতেই নিউ ইয়র্কে রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।




