বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখতে চায় ভারত—এমন অভিপ্রায় ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দীর্ঘমেয়াদি ও উভয়ের জন্য লাভজনক সম্পর্ক চায় দিল্লি। যেখানে দু’দেশের জনগণই হবে এই সম্পর্কের মূল অংশীদার।

মঙ্গলবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ন্যাশনাল ডিফেন্স কলেজ অব বাংলাদেশের আমন্ত্রণে ২০২৫ সালের এনডিসি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে রাষ্ট্রদূত এ সব কথা বলেন।

হাইকমিশনার উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের উচিত তাদের পারস্পরিক নির্ভরশীলতা জোরদার করার জন্য একসাথে কাজ করা এবং তাদের ভৌগোলিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সুযোগে রূপান্তর করা।

ভার্মা বলেন, এই অঞ্চলের দু’টি গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশ হিসেবে ভারত ও বাংলাদেশ বিমসটেকের কাঠামোর অধীনে আঞ্চলিক একীকরণের জন্য গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।

হাইকমিশনার ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল সম্পর্কেও কথা বলেন। আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থের বিষয়ে গুরুত্ব দিতে উৎসাহিত করেন তিনি।

তিনি ভারতের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার ‘প্রতিবেশী প্রথম’, ‘পূবে তাকাও’ নীতি, মহাসাগর মতবাদ, এবং ভারতের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিভঙ্গির অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের দীর্ঘমেয়াদী পরিস্থিতি উল্লেখ করেন।

এমন বার্তা ভার্মা আগেও দিয়েছেন। গত ডিসেম্বর ঢাকায় কূটনৈতিক সংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ভারত–বাংলাদেশ সম্পর্ককে তারা স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি দৃষ্টিতে দেখেন; উভয় দেশের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন পরস্পর–সম্পর্কিত এবং পারস্পরিকভাবে লাভজনক সম্পর্কই লক্ষ্য।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভূরাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে দিল্লির পক্ষ থেকে এই দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি দ্বিপক্ষীয় সম্পর্ককে পুনরুজ্জীবিত করার ইঙ্গিত দেয়—বিশেষত বাণিজ্য, সংযোগ, জ্বালানি ও মানুষের চলাচলের মতো বাস্তব ক্ষেত্রগুলোতে সহযোগিতা এগিয়ে নিতে।