আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস গত বছরের ২৩ জুলাই ঢাকা ছাড়ার পর থেকে এক বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রদূতশূন্য রয়েছে ঢাকায় দেশটির দূতাবাস। এ সময়ে ধারাবাহিকভাবে জ্যেষ্ঠ কূটনীতিক হেলেন লা ফেইভ (২৩ জুলাই–১ নভেম্বর ২০২৪), মেগান বৌলডিন (১ নভেম্বর ২০২৪–১০ জানুয়ারি ২০২৫) এবং বর্তমানে ট্রেসি অ্যান জ্যাকবসন চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করছেন।
পিটার হাস দায়িত্ব শেষে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিড মেইলিকে ঢাকা মিশনের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছিলেন; তবে বাইডেন প্রশাসনের মেয়াদে সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটি সেই মনোনয়ন অনুমোদন করেনি।
অবশেষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর জানায়, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন। মনোনয়নটি এখন সিনেটের অনুমোদনের অপেক্ষায়।
হোয়াইট হাউসের ঘোষণায় ক্রিস্টেনসেনকে “অভিজ্ঞ কূটনীতিক” হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, তাঁকে পূর্ণক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন অনুমোদিত হলে দীর্ঘ রাষ্ট্রদূতশূন্যতার অবসান হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ২০১৯–২০২১ সালে ঢাকায় আমেরিকার দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর ছিলেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি (নিয়োগপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২২ সালের আগস্ট–২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ইউএস স্ট্র্যাটেজিক কমান্ড–এ কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা, কৌশলগত প্রতিরোধ মিশনের নীতি–প্রভাব বিষয়ে পরামর্শ দেন।
পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক–সামরিক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর অফিসের উপপরিচালক (২০১৬–২০১৯); আমেরিকার হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় উপকমিটিতে পিয়ারসন ফেলো (২০১৫–২০১৬); রিয়াদ, ম্যানিলা, সান সালভাদর ও হো চি মিন সিটিতে অর্থনৈতিক/কনস্যুলার দায়িত্ব; পররাষ্ট্র দপ্তরের পাকিস্তান–বাংলাদেশ ডেস্কে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেব দায়িত্ব পালন করেন।
শিক্ষায় তিনি ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্নাতকোত্তর (২০২২), টেক্সাস এঅ্যান্ডএম থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর এবং রাইস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও ম্যানেজমেন্ট স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্প্যানিশ, জার্মান ও ভিয়েতনামি ভাষায় পারদর্শী; ফরাসি, জাপানি ও পর্তুগিজে পড়াশোনা করেছেন। ২০০২ সালে ফরেন সার্ভিসে যোগদানের আগে হিউস্টন ও নিউ ইয়র্কে ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে কাজ করেন।
সিনেটের সম্মতি পেলে ক্রিস্টেনসেন ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। কূটনৈতিক সূত্রের মতে, নিয়োগ সম্পন্ন হলে নিরাপত্তা, বাণিজ্য, উন্নয়নসহ নানা ইস্যুতে দ্বিপক্ষীয় এজেন্ডাতে অগ্রগতি ত্বরান্বিত হবে এবং কনসুলার ও অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বাড়বে।




