ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশ–১৯৭২ (আরপিও) সংশোধনে ছোট–বড় ৪৬টি প্রস্তাব চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
প্রস্তাবগুলোর মধ্যে আরো আছে, আদালত ঘোষিত ফেরারি আসামি জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। বিদ্যমান সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যোগ করার প্রস্তাব। দুই বা ততোধিক প্রার্থীর সমভোট হলে লটারির বদলে পুনর্নির্বাচন হবে। প্রার্থীর দেশে ও বিদেশে আয়ের উৎস ও সম্পদের বিবরণ বাধ্যতামূলক। হলফনামায় মিথ্যা তথ্য প্রমাণিত হলে ইসি স্বতঃপ্রণোদিত তদন্ত করে প্রার্থিতা বাতিল করতে পারবে; নির্বাচিত হলে সদস্যপদ খোয়া যাবে। কোনো আসনে একক প্রার্থী থাকলে ‘না’ ভোটের বিধান কার্যকর; ‘না’ ভোট বেশি পড়লে পুনঃতফসিল। পুনঃতফসিলেও একক প্রার্থী হলে তাঁকেই বিজয়ী ঘোষণা।প্রার্থীরা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ/গভর্নিং বডিতে, বিশেষত নিজ আসনের প্রতিষ্ঠানে, থাকতে পারবেন না। জোটবদ্ধ হয়ে ভোটে গেলে শরিক দলগুলোকে নিজ নিজ দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলে সেই দলের নামে নির্বাচন করা যাবে না। জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিল—এ ধাপটি এখন যোগ করা হচ্ছে না (স্থানীয় সরকার নির্বাচনে পূর্বের মতো থাকবে)।
সানাউল্লাহ বলেন, প্রস্তাবগুলোতে স্বচ্ছতা, জবাবদিহি ও নির্বাচনপূর্ব সমতা জোরদারের বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার পর প্রস্তাবিত সংশোধনী নীতিগত অনুমোদন ও সংসদীয় প্রক্রিয়ায় যাবে।




