বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই জামায়াতের: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় রবিবার (৩১ আগস্ট) বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডা. তাহের; দলে ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ।

ডা. তাহের জানান, দীর্ঘ আন্দোলনের পর পরিবর্তনের প্রত্যাশা তৈরি হলেও বর্তমান পরিস্থিতি নিয়ে দলটি সন্দিহান। তাঁর ভাষ্যে, প্রধান উপদেষ্টা সংস্কার, দৃশ্যমান বিচার ও বিশ্বমানের আনন্দঘন নির্বাচন–এই তিন বিষয়ে জাতিকে আশ্বস্ত করেছেন; তবে “একটি দলকে প্রাধান্য দিয়ে বৈষম্য তৈরি হওয়া লেভেল প্লেয়িং ফিল্ডের বড় অন্তরায়,” যা নির্বাচনের আগে সমাধা জরুরি। তিনি ‘জুলাই চার্টার’ চূড়ান্ত না করেই “নির্বাচনের ট্রেন ছাড়ার” সিদ্ধান্তকেও প্রশ্নবিদ্ধ বলেছেন।

নির্বাচনী পদ্ধতি প্রসঙ্গে ডা. তাহের জানান, ঐকমত্য কমিশনে ২৫টি দল ‘পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন)’ পদ্ধতি চেয়েছে; অধিকাংশের মত থাকায় তা বিবেচনায় নেওয়ার দাবি জানায় জামায়াত। অন্যথায় “নির্বাচনী ট্রেন মিস হতে পারে” বলেও সতর্ক করেন তিনি। কমিশনে ১৯টি বিষয়ে যে ঐকমত্য হয়েছে, সেগুলোর অন্তত সমাধান এখনই করা যেত বলেও মন্তব্য করেন ডা. তাহের; যদিও দু–একটি ইস্যুতে কিছু দলের ‘নোট অব ডিসেন্ট’ আছে বলে জানান।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যেক রাজনৈতিক দলকে নিজ নিজ কর্মীদের দায় নিতে হবে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন—“অল্প কয়েকটি দল যদি বলে, এসব সংস্কার নির্বাচিত সরকার এসে করবে, তাহলে এখনই ঐকমত্যের অর্থ কী?”