বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

গুলশানের হোটেল ওয়েস্টিন থেকে আমেরিকার নাগরিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে এক আমেরিকার নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টায় গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৭ আগস্ট হোটেল দ্য ওয়েস্টিন, ঢাকায় জ্যাকসন একটি রুম ভাড়া নেন। ঢাকায় অবস্থিত আমেরিকার দূতাবাসের মাধ্যমে তিনি হোটেল ওয়েস্টিনের রুমটি নেন। ‌ কিন্তু গত দুইদিন ধরে ওই ব্যক্তি কোনো ধরনের খাবার অর্ডার না করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং তারা এই বিষয়ে আমেরিকার দূতাবাস ও পুলিশকে জানায়।

খবর পেয়ে দূতাবাসের একটি মেডিকেল টিম ও পুলিশের টিম হোটেলে গিয়ে কক্ষে প্রবেশ করলে জ্যাকসনকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। ওসি হাফিজুর রহমান বলেন, “ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল শেষে মৃত্যুটি স্বাভাবিক বলেই প্রতীয়মান হয়েছে।”

পরবর্তীতে আমেরিকার দূতাবাস কর্তৃপক্ষ লিখিত আবেদনের মাধ্যমে মরদেহটি তাদের হেফাজতে নেয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, জ্যাকসন ব্যবসায়িক কাজে বাংলাদেশে এসেছিলেন।