কক্সবাজারে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক অংশীজন সংলাপের শেষ দিনে বিদেশি কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংগঠন ও দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছেন।
মঙ্গলবার প্রতিনিধিরা শিবিরে জীবনযাপন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, খাদ্য সরবরাহ ও মানবিক সহায়তার অবস্থা পর্যবেক্ষণ করেন। বিশেষভাবে ডব্লিউএফপি–র খাদ্য সরবরাহ কেন্দ্র, হাসপাতাল এবং ইউএনএইচসিআর–এর স্যানিটারি ন্যাপকিন উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন। তারা রোহিঙ্গা পরিবারগুলোর সঙ্গে কথা বলে দৈনন্দিন চ্যালেঞ্জ, দীর্ঘ অনিশ্চয়তা ও ভবিষ্যৎ প্রত্যাশা সম্পর্কে শোনেন।
প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সরেজমিন পরিদর্শনের মাধ্যমে বাস্তব পরিস্থিতি দেখানো হয়েছে, যাতে অংশগ্রহণকারীরা সংকটটি নিবিড়ভাবে উপলব্ধি করতে পারেন। তিনি সতর্ক করেন, আন্তর্জাতিক অর্থায়ন ব্যাহত হলে শিবিরে গুরুতর মানবিক বিপর্যয় দেখা দিতে পারে; তাই দাতা দেশ ও সংস্থাগুলোর কাছে অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানান। তাঁর মতে, সংকট দীর্ঘায়িত হলে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায়ও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
কক্সবাজারে কর্মরত ডব্লিউএফপি–র প্রোগ্রাম পলিসি অফিসার শেখ রবিউল আলম জানান, বিদ্যমান তহবিল দিয়ে ডিসেম্বর পর্যন্ত খাদ্য সহায়তা চালানো সম্ভব হলেও নতুন প্রতিশ্রুতি এখনও নেই। নতুন অর্থায়ন না এলে খাদ্যসহ জরুরি মানবিক কার্যক্রমে ব্যাঘাতের ঝুঁকি তৈরি হবে।
শিবির পরিদর্শনে রাজনৈতিক দলের উপস্থিতি কার্যক্রমকে অধিক তাৎপর্যপূর্ণ করে তোলে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধি বলেন, রোহিঙ্গা সংকট একক সরকারের নয়, জাতীয় ঐকমত্যের বিষয়; সব দলের সক্রিয় সম্পৃক্ততা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে।
বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং এটিকে বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য সমন্বিত ও কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ এখন সময়ের দাবি।
কক্সবাজার সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশপত্র আগামী ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনে উপস্থাপন করা হবে। আয়োজকদের আশা, বৈশ্বিক কূটনীতির সেই প্ল্যাটফর্ম থেকে সমাধানের নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।
তিন দিনের এ সংলাপে সরকার, জাতিসংঘ, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন, কূটনৈতিক মহল এবং রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণে কক্সবাজার পরিণত হয়েছে মানবিক কূটনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে; শিবির পরিদর্শনের মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।




