বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে “নতুন পরিবর্তনের” দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

সোমবার কক্সবাজারের স্থানীয় হোটেল ‘বে ওয়াচ’-এ রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা এখন আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। এক বছর আগে আমরা এক ভয়াবহ হত্যাযজ্ঞের মধ্য দিয়ে গিয়েছিলাম। এরপর ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করা সম্ভব হয়েছে।” তাঁর ভাষ্যে, সেই অস্থিরতার পর এখন দেশ “যথেষ্ট স্থিতিশীল” এবং নির্বাচনের উপযোগী।

রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে উপস্থাপনের লক্ষ্যে রবিবার থেকে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সংলাপ “স্টেকহোল্ডার্স’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন”। এই সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ইউনূস।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সাত দফা প্রস্তাব উপস্থাপন করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। প্রস্তাবগুলো হলো—রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন। শরণার্থী সহায়তায় দাতাদের অব্যাহত সমর্থন নিশ্চিত করা। মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিতের আহ্বান। রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক সংলাপ ও তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা। আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ও সমন্বিত ভূমিকা। গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ। আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতা ত্বরান্বিত করা।

প্রধান উপদেষ্টা বলেন, “রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়ন ও বাস্তুচ্যুতি থামাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সংলাপে দেশি-বিদেশি অংশীজনদের অংশগ্রহণে পরিস্থিতি মূল্যায়ন, নীতি-পরামর্শ বিনিময় এবং আসন্ন উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ চূড়ান্ত করার কথা রয়েছে। সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, প্রস্তাবিত রোডম্যাপ ও আন্তর্জাতিক সমর্থন রোহিঙ্গা সংকট সমাধানের পথকে গতি দেবে, একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতিকে আরও সুদৃঢ় করবে।