বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ফেব্রুয়ারিতে নির্বাচন, নতুন সরকারে থাকবো না: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার ইউটাহ-ভিত্তিক সংবাদমাধ্যম ডেজারেট নিউজে একটি নিবন্ধ লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি গত বছরের গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ এবং প্রস্তাবিত সংস্কারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। বৃহস্পতিবার ডেজারেট নিউজ নিবন্ধটি প্রকাশ করে। এতে ড. ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

নিবন্ধটির ভাষায়, আমি স্পষ্ট জানিয়েছি: জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। ওই নির্বাচনের পর আমি কোনো নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত পদে থাকব না।

তিনি উল্লেখ করেছেন, বিশ্বের প্রথম জেনারেশন জেড–নেতৃত্বাধীন আন্দোলন প্রমাণ করেছে—মানবজাতির বড় বড় চ্যালেঞ্জের মুখে তরুণরা কীভাবে সামনে এসে দায়িত্ব নিতে পারে।

ডক্টর ইউনূসের নিবন্ধটির পাঠকদের জন্য তুলে ধরা হলো :
এক বছর আগে এই মাসেই, বাংলাদেশের সবচেয়ে সাহসী ও দৃঢ়সঙ্কল্প ছাত্র–ছাত্রীরা—সমাজের সর্বস্তরের অসংখ্য মানুষের সমর্থনে—আমাদের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান ঘটায়। শান্তিপূর্ণ আন্দোলন, যা শেষ মুহূর্ত পর্যন্ত নির্মম দমনপীড়নের শিকার হয়েছিল, সেই আন্দোলনই ৫ আগস্ট এক স্বৈরশাসককে দেশ ছাড়তে বাধ্য করে।

তারপরের ক্ষমতাশূন্যতার সময়ে ছাত্রনেতারা আমাকে অনুরোধ করেন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিতে—যার কাজ হবে দেশকে স্থিতিশীল করা এবং গণতান্ত্রিক পুনর্জাগরণের পথ নির্ধারণ করা। আমি প্রথমে না বলি। কিন্তু তারা যখন অনড় থাকে, তখন আমি ভাবি—তাদের এবং আরও অসংখ্য তরুণের যে ত্যাগ, যে রক্ত ও অঙ্গহানি, তা কি আমি উপেক্ষা করতে পারি? পারিনি।

৮ আগস্ট ২০২৪ আমি নীতিনির্ধারক বিশেষজ্ঞ ও সুশীল সমাজের নেতাদের নিয়ে গঠিত একটি মন্ত্রিসভার সঙ্গে শপথ নেই।

যা শুরু হয়েছিল আপাতদৃষ্টিতে একটি সহজ দাবিতে—সরকারি চাকরির নিয়োগে ন্যায্যতা নিশ্চিত করা—তা আজ হয়ে উঠেছে বিশ্বের প্রথম জেন জেড বিপ্লব। এই বিপ্লব দেখিয়ে দিয়েছে তরুণরা কীভাবে যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, বেকারত্ব ও বৈষম্য—মানবজাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় নেতৃত্ব দিতে পারে।

আমরা ভাগ্যবান যে তারা “নিজেদের পালা আসা” পর্যন্ত অপেক্ষা করতে রাজি হয়নি। সভ্যতা যখন নানা দিক থেকে পথভ্রষ্ট, তারা বুঝেছিল—কর্মের সময় এখনই।

আমাদের স্বৈরশাসন থেকে গণতন্ত্রে উত্তরণের যে প্রক্রিয়া শক্তভাবে গড়ে উঠছে, তার সবচেয়ে স্পষ্ট স্বীকৃতিগুলোর একটি এসেছে যখন দ্য ইকোনমিস্ট ২০২৪ সালের জন্য বাংলাদেশকে “কান্ট্রি অব দ্য ইয়ার” ঘোষণা করে। অর্থনীতি পুনর্গঠন, নির্বাচন প্রস্তুতি এবং লুট হওয়া বিলিয়ন ডলার ফেরত আনার কাজে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে, তখনই বুঝতে পারি—বিশ্ব আমাদের অগ্রগতিকে কত গুরুত্বের সঙ্গে দেখছে। আমাদের যাত্রাপথে ডেজারেট নিউজ–এর উৎকৃষ্ট প্রতিবেদনগুলোর জন্যও আমরা কৃতজ্ঞ।

আমাদের অগ্রাধিকারের একটি ছিল—আগের সরকারের হাতে নৃশংসভাবে নিহতদের পরিবার এবং সহস্র আহত মানুষ—অনেকের আঘাত ছিল মারাত্মক—তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, তাদের সঙ্গে শোক ভাগ করে নেওয়া। একই সঙ্গে আমরা পূর্বতন সরকার ও তাদের দোসরদের বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অনুমান করেছে, ওই শাসনামলে প্রতি বছর ১০ থেকে ১৫ বিলিয়ন ডলার করে ১৫ বছর ধরে আত্মসাৎ করা হয়েছে। এমন অর্থ ফেরত আনার লড়াই অত্যন্ত জরুরি; ঝুঁকিও বিপুল।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমি রাষ্ট্রযন্ত্রের অকার্যকারিতার ব্যাপকতা দেখে স্তম্ভিত হয়েছিলাম। পুলিশ তাদের দায়িত্বস্থল ছেড়ে দিয়েছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ টালমাটাল। অর্থনীতি ধ্বংসস্তূপে। গণতন্ত্র ভেঙে পড়েছে। রাষ্ট্রীয় নির্যাতনকেন্দ্রে হাজারো মানুষ দিন গুনছে। ক্ষমতাসীন দলভক্তি না দেখাতে পারায় পদোন্নতি বঞ্চিত অসংখ্য সরকারি কর্মকর্তা ন্যায়বিচার চাইছেন।

টুকরো টুকরো করে আমরা পুনর্গঠন শুরু করেছি। যে রাজনৈতিক দলগুলো স্বৈরশাসনের বিরোধিতা করেছে, নতুন দলগুলোর সঙ্গে মিলে তারা ধারণা, উদ্যম ও কর্মে অবদান রাখছে। সশস্ত্র বাহিনী ৫ আগস্টের সংকটে মাথা ঠান্ডা রেখে হত্যাযজ্ঞে নামতে অস্বীকৃতি জানিয়ে যে সংযম দেখিয়েছে, তারা এখনও পেশাদারিত্ব বজায় রেখে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে সহায়তা করছে।

আমি স্পষ্ট জানিয়েছি: জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। ওই নির্বাচনের পর আমি কোনো নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত পদে থাকব না।

আমাদের প্রশাসনের মূল মিশন—একটি মুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা; যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবে। প্রবাসীসহ সব যোগ্য নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা বিশাল একটি কাজ। তবু আমরা তা সম্পন্ন করার প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা বৈদেশিক নীতিও নতুনভাবে সাজিয়েছি—প্রতিবেশী ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক আরও সুদৃঢ় করতে।

বিশ্বের অষ্টম জনবহুল দেশ হিসেবে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ার স্থিতিশীলতা ও সমৃদ্ধির কেন্দ্রবিন্দু হয়ে ওঠার সামর্থ্য ও দায়িত্ব—দুটোই বাংলাদেশের আছে। ট্রাম্প প্রশাসন ও সেক্রেটারি রুবিওর প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ; সম্প্রতি তাঁর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ–কেন্দ্রিক একটি ফলপ্রসূ ও আন্তরিক আলাপ হয়েছে, যা দুই দেশেরই উপকারে আসবে।

যুক্তরাজ্য, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক গ্রুপ ও জাতিসংঘও আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা একা নই।

নির্বাচন প্রস্তুতির সমান্তরালে আমরা ব্যাপক সংস্কারপ্যাকেজ প্রস্তাব করেছি—বিশেষজ্ঞ, রাজনৈতিক দল ও নাগরিকদের বিস্তৃত পরামর্শ নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর একটি হলো সাংবিধানিক সংশোধনী—যাতে শক্তিশালী “চেকস অ্যান্ড ব্যালান্সেস” প্রতিষ্ঠা পায় এবং বাংলাদেশ আর কখনো স্বৈরতন্ত্রে পা না বাড়ায়।

আমি বাংলাদেশের তরুণদের—দেশে ও প্রবাসে—অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই; তারা দেখিয়েছে, উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যার প্রতি হতাশা কীভাবে পুনর্গঠনের নকশায় রূপ নিতে পারে। তাদের সাহস মনে করিয়ে দেয়—অর্থবহ পরিবর্তন দাবি করে পরিশ্রম ও ত্যাগ।

তাদের উদাহরণ আরও আশা জাগায়—জেন জেড–এর আরও বেশি সদস্য, সেই সঙ্গে তাদের দাদা–দাদি–নানা–নানি প্রজন্ম, জেন এক্স ও মিলেনিয়ালস, আর ডিজিটাল–জন্ম জেন আলফা—মিলে গড়ে তুলবে আমার ভাষায় “তিন শূন্যের বিশ্ব”: শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র্য ও শূন্য নিট কার্বন নির্গমন।

বাংলাদেশ যদি সত্যিই এমন এক দেশে রূপ নিতে পারে—যেখানে সবার নিরাপত্তা ও মর্যাদার জীবন নিশ্চিত—তবে তা সম্ভব হবে আগামী মাস ও বছরে লক্ষ–লক্ষ বাংলাদেশির দৃঢ় সংকল্প, কল্পনা ও সাহসের গুণে।

এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের সঙ্গে যারা দায়িত্ব ও সৌভাগ্য ভাগ করে নিচ্ছেন— ইউটাহের বহু বন্ধু–পরিজনসহ—তারাই আমাদের সবচেয়ে বড় আশাবাদ, হয়তো শেষ আশাও।