বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সাগর-রুনির ছেলে মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ছেলে মাহির সরওয়ার মেঘের হাতে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি মেঘের হাতে দলিলটি হস্তান্তর করেন।

সাংবাদিক সাগর সরওয়ার ২০০৪ সালে প্লটের জন্য আবেদন করেন এবং ২০০৫ সালে বরাদ্দ পান। পরবর্তীতে ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধের পরও বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্লটটি তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়নি। উত্তরাধিকারসূত্রে প্লটটির বর্তমান মালিক সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং ছেলে মাহির সরওয়ার মেঘ।

প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, ‘তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মধ্য বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে।’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যা মামলায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন তিনি।

বৈঠকে উপস্থিত গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তদন্তের দীর্ঘসূত্রিতার সুযোগে বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছে বলে জানতে পেরেছে বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার ও সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমান উপস্থিত ছিলেন।