জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের প্রকল্প অনুমোদন দিয়েছে।
রবিবার রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সিদ্ধান্তের অনুমোদন দেন। একই সভায় ৬ হাজার ৫০৬ কোটি টাকায় আরও নয়টি প্রকল্প অনুমোদিত হয়েছে।
প্রকল্প অনুমোদনের খবর ছড়িয়ে পড়তেই আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে চলমান অনশন ভেঙে শিক্ষার্থীরা বিজয়ের উচ্ছ্বাস প্রকাশ করেন। এই সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. সুমন কান্তি বড়ুয়া নিজ হাতে অনশনরত শিক্ষার্থীদের পানি পান করান। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জানিয়েছেন, সোমবার থেকে ক্লাসে ফেরার প্রস্তুতি শুরু করছেন তারা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা ২৬ জুলাই থেকে লাগাতার আন্দোলন চালিয়ে আসছিলেন। বিশ্ববিদ্যালয় দিবস বয়কট, মানববন্ধন ও অবস্থান কর্মসূচির পর শনিবার (১৬ আগস্ট) থেকে শিক্ষার্থীরা আমরণ গণঅনশন শুরু করেন। অনশনের ফলে অন্তত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের সমর্থনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও প্রতীকী অনশনে অংশ নেন। এছাড়া আন্দোলনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ স্থানীয় সচেতন নাগরিক সমাজও সংহতি প্রকাশ করে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ২২৫ একর জমিতে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। তবে এতদিন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হয়নি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) একনেকে পাস হওয়ায় অবশেষে তাদের দাবি পূরণ হলো।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, স্থায়ী ক্যাম্পাসে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক হল, গবেষণাগার, লাইব্রেরি এবং সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে। এটি শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থী সমাজ আশা করছেন, দ্রুত প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রে একটি আধুনিক ও স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।




