অন্তর্বর্তী সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক নেতা রেজা কিবরিয়া। তার মতে, সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং নিজেদের দলকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। এ অবস্থায় দেশে আরেকটি বিপ্লব হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
রেজা কিবরিয়া আরও বলেন, সরকারের এই অবস্থানের কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন না।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জনতা পার্টি বাংলাদেশের আলোচনা সভায় গণঅধিকার পরিষদের সাবেক এ নেতা সরকারবিরোধী তীব্র সমালোচনা করে এসব কথা বলেন।
ড. রেজা কিবরিয়া বলেন, জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে এই সরকার। এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমরা যে আশা করেছিলাম যে এ দেশ পরিচালনার ব্যাপারে গুণগতমানের একটা পরিবর্তন আমরা দেখব বা একটা উন্নতি দেখব। সেটা হয়নি।
তিনি বলেন, আমরা এখন বিপ্লবের পথ হারিয়ে ফেলেছি, আমরা কী চেয়েছিলাম আর কী হয়েছে, আমরা হাসিনা সরকারের চেয়ে শতকরা ৫ ভাগ উন্নতি চেয়েছি, সেটা আমরা পাব ভেবেছিলাম, আমরা সেটা পাইনি। আমি কখনও ভাবিনি শেখ হাসিনার পরে এত নিম্নমানের একটা সরকার আসবে।
অনুষ্ঠানে জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে এক রকম কথা বলেন, বিদেশে আরেক রকম বক্তব্য দেন। এনসিপি মনে করছে প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকছেন, কেননা তিনি সেফ এক্সিট খুঁজছেন।
তিনি বলেন, সংস্কার অনেক সময় চাপিয়েও দিতে হয়। সেই চাপানোর সক্ষমতা এই সরকারের নেই। এই সরকারকে আমরা সমর্থন করি, কিন্তু এই সরকারের অপদার্থতা, অদক্ষতা, ব্যর্থতাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না।
জনতা পার্টির নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসীন রশিদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি এ কে এম আশরাফুল হক, জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারী।




