১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে সারাদেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা যেন কোনো কর্মসূচি পালন করতে না পারে, সেজন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় চেকপোস্ট বাড়ানো হয় এবং নজরদারি জোরদার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “কোনো অবস্থায়ই তাদের সড়কে নেমে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।” নিরাপত্তায় পুলিশ, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং সব গোয়েন্দা সংস্থা সতর্ক অবস্থায় রয়েছে।
রাজধানীতে ১৪ আগস্ট রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত যেকোনো ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে রাজনৈতিক বক্তব্য বা সমাবেশ করার সুযোগ থাকবে না বলে জানিয়েছে পুলিশ। টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালন করা হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার রাতে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। রাত সাড়ে ৮টার দিকে একজনকে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী সন্দেহে এবং রাত ৯টার দিকে আরো দুজনকে একই অভিযোগে আটক করে জনতা। ঘটনাস্থলে উপস্থিতরা ‘আওয়ামী লীগের দালাল হুঁশিয়ার, সাবধান’ বলে স্লোগান দেয়।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, ধানমণ্ডি ৩২ নম্বর থেকে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ ও ফোন পরীক্ষা করা হবে। তিনি বলেন, “যদি নির্দোষ প্রমাণিত হন, ছেড়ে দেওয়া হবে; আর দোষী হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”




