বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

খালার দ্বন্দ্বের জেরে আমি ক্ষতিগ্রস্ত: টিউলিপ সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার খালার মধ্যে দ্বন্দ্বের জেরে তিনি ক্ষতির মুখে পড়েছেন।

রবিবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এ টিউলিপের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সাক্ষাৎকারটি নিয়েছেন গার্ডিয়ানের প্রধান প্রতিবেদক ড্যানিয়েল বফি। সাক্ষাৎকারের শেষাংশে টিউলিপ দ্বন্দ্ব সম্পর্কিত ওই দাবি করেন।

টিউলিপ জানান, আগামী ১১ আগস্ট বাংলাদেশে তার বিরুদ্ধে মামলার শুনানি শুরু হলেও তিনি এখনো কোনো আনুষ্ঠানিক সমন পাননি।

“আমি কয়েক দিনের মধ্যেই একটি সাজানো বিচারের মুখোমুখি হতে যাচ্ছি। অথচ অভিযোগ কী, তা-ই জানি না,” বলেন তিনি।

দুর্নীতি মামলার অভিযোগ প্রসঙ্গে টিউলিপ বলেন, শেখ হাসিনার ভাইঝি হিসেবে প্রভাব খাটিয়ে ঢাকায় জমি নেওয়ার অভিযোগ ‘হাস্যকর’। তিনি কোনো অন্যায় করেননি এবং বাংলাদেশের জনগণ ন্যায়বিচার পাক—এই প্রত্যাশা ব্যক্ত করেন, তবে নিজের বিরুদ্ধে ‘নির্বিচারে মামলা’কে অন্যায় বলে অভিহিত করেন।

শেখ হাসিনা সরকারের পতনের প্রসঙ্গে টিউলিপ বলেন, “আমি এখানে আমার খালাকে রক্ষা করতে আসিনি। আমি জানি, তার সরকারের পতন কীভাবে হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। আশা করি, বাংলাদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত সমাধান পাবে।”

সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, বাংলাদেশের ‘নোংরা রাজনীতি’ তার জীবন বদলে দিয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়, কিছু ওয়েবসাইটে দাবি করা হয়েছে—রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের চুক্তি থেকে রাশিয়ান একটি কোম্পানির মাধ্যমে তিনি পাঁচ বিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন।

২০১৩ সালে মস্কো সফরে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে তোলা একটি ছবিকে কেন্দ্র করেও প্রশ্ন উঠেছে। তবে টিউলিপ বলেন, তিনি কোনো রাজনৈতিক আলোচনায় অংশ নেননি, কেবল পারিবারিক কারণে সেখানে গিয়েছিলেন।

গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর যুক্তরাজ্য সফরের সময় অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন টিউলিপ, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এছাড়া যুক্তরাজ্যের অর্গানাইজড ক্রাইম এজেন্সি শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত দুই ব্যক্তির প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে, যার একটি বাড়িতে টিউলিপের মা থাকতেন। এ বিষয়ে টিউলিপের দাবি, এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, ৪২ বছর বয়সী টিউলিপ গত বছরের জুলাইয়ে লেবার পার্টির বিজয়ের পর অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রীর দায়িত্ব নেন এবং আর্থিক সেবা খাত সংস্কারে যুক্ত হন। এ বছরের জানুয়ারি পর্যন্ত তিনি কিয়ার স্টারমারের মন্ত্রিসভায় ট্রেজারি মন্ত্রী ছিলেন।