আমেরিকার আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন শুল্ক কার্যকরের আগে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পাঠাতে রফতানিকারকরা আগাম প্রস্তুতি নিয়েছিলেন। ফলে গত কয়েক দিনে বন্দরে রফতানিতে দেখা গেছে অভূতপূর্ব জোয়ার।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রফতানিকারকদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়ায় প্রতিদিন অতিরিক্ত ৮০০ কনটেইনার রফতানি হয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত বন্দরের ১৯টি ডিপোতে জমা হয় ১৫,৪০০টি ২০ ফুট এককের রফতানি কনটেইনার, যার অধিকাংশই আমেরিকাগামী।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “৭ আগস্টের সময়সীমার মধ্যে পণ্য পাঠাতে অনেকেই চেষ্টা করেছেন। আগাম উৎপাদন সম্পন্ন করায় অনেকেই জুলাইয়ের মধ্যেই রফতানি শেষ করেছেন, ফলে ওই মাসে রফতানিতে ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।”
চট্টগ্রামের এশিয়ান-ডাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম জানান, জুলাই মাসে বাংলাদেশ থেকে ৩৯৬ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে, যার মধ্যে ৮২ কোটি ডলারের পণ্য গেছে আমেরিকায়। এর ৬০ শতাংশ পণ্য রফতানি হয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রথমে পাল্টা শুল্ক ৩৭ শতাংশে নির্ধারণ করলেও ৩১ জুলাইয়ের দ্বিপাক্ষিক আলোচনার পর তা ২০ শতাংশে নামিয়ে আনা হয়। তবে আমেরিকায় আগে থেকেই গড়ে ১৫ শতাংশ শুল্ক কার্যকর থাকায় মোট শুল্ক দাঁড়াচ্ছে ৩৫ শতাংশের বেশি। তৈরি পোশাক খাতে পূর্বে এই হার ছিল ১৬.৫ শতাংশ।
আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষক মোস্তফা আবিদ খান বলেন, “পাল্টা শুল্ক কার্যকরের সময় গণনা করা হয় পণ্য বন্দর ছাড়ার ভিত্তিতে। ফলে রফতানিকারকরা আগেভাগেই বন্দর ছাড় করিয়ে শুল্ক এড়াতে পেরেছেন।”
তিনি আরও বলেন, “আমেরিকার কাঁচামাল ব্যবহারে শুল্ক ছাড় থাকায় বাংলাদেশ তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে, বিশেষ করে পোশাক খাতে, যেটি তুলানির্ভর এবং যার অধিকাংশ তুলা আমদানি হয় আমেরিকা থেকেই।”
বাংলাদেশ কনটেইনার ডিপো সমিতির মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, “জুলাই মাসে কনটেইনার রফতানি বেড়ে ৯৯ হাজারে দাঁড়িয়েছে, যেখানে সাধারণত প্রতি মাসে ৬০-৬৫ হাজার কনটেইনার রফতানি হয়। এর মধ্যে ৮১ হাজার কনটেইনার ইতোমধ্যে রফতানি সম্পন্ন হয়েছে। আগস্টেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।”
বিশেষজ্ঞদের মতে, আমেরিকার শুল্ক নীতির ফলে বাংলাদেশের রফতানি খাতে চ্যালেঞ্জ বাড়লেও তাৎক্ষণিক প্রস্তুতির কারণে বড় ধরনের ধাক্কা এড়ানো সম্ভব হয়েছে।




