বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

বুধবার (৭ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো ওই পত্রে সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর নির্বাচনের প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়।

চিঠিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর ৫ আগস্টের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার তা বাস্তবায়ন হলো।

চিঠিতে আরও বলা হয়, বিগত ১৫ বছরে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। তাই এবারকার নির্বাচন যেন সত্যিকারের আনন্দ-উৎসবের রূপ নেয়, সে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। তিনি একটি স্মরণীয়, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং প্রযুক্তিনির্ভর নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পত্রে নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি গ্রহণ ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে কমিশনকে জানানো হয়েছে, নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন আয়োজন নিয়ে এই চিঠির মাধ্যমে সরকার ও কমিশনের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হলো, যা আগামী নির্বাচনকে নির্ধারিত সময়সূচির দিকে এগিয়ে নেওয়ার একটি বড় পদক্ষেপ।