বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের ‘গোপন বৈঠক’: গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে ‘গোপন বৈঠক’ ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সভায় সংশ্লিষ্টতার অভিযোগে মেজর পদমর্যাদার একজন সেনা কর্মকর্তাকে সেনাবাহিনীর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৃহস্পতিবার সেনা সদরের এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই কে বি কনভেনশন সেন্টারে আয়োজিত ওই বৈঠকে ৩০০ থেকে ৪০০ জনের মতো অংশ নেন। বৈঠকে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং দাবি করা হয়, শেখ হাসিনার আহ্বানে ঢাকায় বড় জমায়েত করে শাহবাগ মোড় দখলের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তাকে আবার ক্ষমতায় ফেরানো হবে।

ওই ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। মামলার তদন্ত করছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ‘তারা প্রিয় স্বদেশ’, ‘প্রজন্ম ৭১’, ‘বঙ্গবন্ধু প্রজন্ম’সহ একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার যুবলীগ নেতা সোহেল রানা ও আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিনের মুখোমুখি জিজ্ঞাসাবাদে উঠে আসে মেজর সাদিকুল হকের নাম। তাঁদের দাবি, মেজর সাদিকের নির্দেশেই ওই বৈঠকের আয়োজন করা হয় এবং সেখানে তৃণমূল নেতাকর্মীদের নাশকতা প্রশিক্ষণ দেওয়া হয়।

সেনা সদরের ব্রিফিংয়ে মেজর সাদিকের বিষয়ে প্রশ্ন করা হলে মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা জানান, বিষয়টি তদন্তাধীন এবং দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কনভেনশন সেন্টারের ব্যবস্থাপক মুজাহিদকেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা জানান, ওই দিন সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা হয় এবং পূর্ববর্তী চারটি প্রশিক্ষণের ভিডিও ফুটেজও নষ্ট করা হয়।

ডিবি কর্মকর্তারা জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে সন্দেহভাজনদের অবস্থান ও সম্পৃক্ততা যাচাই চলছে এবং গোপন ষড়যন্ত্রে জড়িত সবাইকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।