বাংলাদেশ ও আমেরিকার মধ্যে তৃতীয় দফার বাণিজ্য সংলাপের প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে। আলোচনাটি ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানোর বিষয়ে তারা ইতিবাচক অবস্থানে রয়েছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে ওয়াশিংটন ডিসি থেকে সাংবাদিকদের তিনি জানান, “আমাদের ওপর আরোপিত শুল্ক যথেষ্ট পরিমাণে কমতে পারে। তবে নির্দিষ্ট হার এখনো বলা যাচ্ছে না। আলোচনা চলমান, আগামীকাল আরও বৈঠক রয়েছে। আমরা আশাবাদী।”
স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় অনুযায়ী এটি রাত ৩টা ৩০ মিনিট থেকে ভোর ৮টা ৩০ মিনিট পর্যন্ত চলে।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দলে আরও রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী এবং ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের শীর্ষ কূটনীতিকরা। আমেরিকার পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ।
উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল আমেরিকা ৬০টি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। পরে ৯ এপ্রিল তিন মাসের জন্য ওই সিদ্ধান্ত স্থগিত করা হয়। তবে স্থগিতাদেশ শেষ হওয়ার আগেই, ৮ জুলাই থেকে বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকরের ঘোষণা দেয় আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দপ্তর। নতুন এ শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ ইতোমধ্যে আমদানি বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বাণিজ্যসচিব জানান, ২৩ জুলাই আমেরিকার কাছে একটি অবস্থানপত্র পাঠানো হয়, যার ভিত্তিতে এ সংলাপ শুরু হয়েছে। আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু রপ্তানি নয়, আমেরিকার থেকেও পণ্য আমদানি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
আমদানির পরিকল্পনার মধ্যে রয়েছে—আমেরিকার বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনা, পাঁচ বছরের জন্য প্রতিবছর সাত লাখ টন করে গম আমদানির সমঝোতা স্মারক, পাশাপাশি সয়াবিন, এলএনজি, তুলা ও সামরিক সরঞ্জাম আমদানির উদ্যোগ।
আলোচনায় বাংলাদেশ আমেরিকাকে জানিয়েছে, বর্তমানে দুই দেশের বাণিজ্য ঘাটতি প্রায় ছয় বিলিয়ন ডলার, যা ভিয়েতনামের তুলনায় অনেক কম (ভিয়েতনামের ক্ষেত্রে ১২৩ বিলিয়ন ডলার)। এই তুলনাটিই বাংলাদেশ আমেরিকার সামনে তুলে ধরে অনুকূল শুল্ক নীতির দাবি জানায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আমেরিকা এখন আর আগের মতো কঠোর অবস্থানে নেই। বাংলাদেশের ক্ষেত্রে শুল্কহার ১৫ থেকে ২০ শতাংশের মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে বাংলাদেশ থেকে আমেরিকায় রপ্তানি করা পণ্যে গড়ে ১৫ দশমিক ৫ শতাংশ হারে শুল্ক পড়ে। নতুন শুল্ক কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ৩৫ শতাংশে, যা বাংলাদেশের রপ্তানি খাতের জন্য বড় ধাক্কা হতে পারে।




