বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্রকে সংকটে ফেলতে পারে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্রে উত্তরণের যাত্রাকে সংকটে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিতে পারে। অন্তর্বর্তী সরকার ও নাগরিকদের সতর্ক থাকতে হবে।

বুধবার সাভারের আশুলিয়ায় শ্রমিক-ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান ‘নারকীয় আশুলিয়া স্মরণে’ লাশ পোড়ানোর স্থানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ‘ফ্যাসিবাদ হটিয়ে জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার ভার অর্পণ করেছে। কিন্তু তাদের একটি গ্রুপ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। আমি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শহীদদের রক্তের বিনিময়ে পতিত, পরাজিত, পলাতক, বিতাড়িত, ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত করার সুযোগ নিতে ওত পেতে রয়েছে।’

তারেক রহমান বলেন, ‘জনগণ রাষ্ট্রে দক্ষ সরকার ও দেশের অধিকার প্রতিষ্ঠার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে এবং জীবন উৎসর্গ করেছে।

সুতরাং সরকারে যারাই থাকুক তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে। প্রতিটি নাগরিকের আশা এবং ভাষা বুঝতে হবে। কেউ জনপ্রতিনিধি নির্বাচিত হতে হলে তাঁকে জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। বিএনপি জনগণের ক্ষমতায়নের এই রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চায়।’

শহীদ পরিবারের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘শহীদরা কিন্তু শুধু একটি সংখ্যা নয়, একটি প্রাণের সমাপ্তি, একটি পরিবারের মৃত্যু, একটি স্বপ্ন-সম্ভাবনার অবসান। তবে আপনাদের সন্তানদের শহীদি মৃত্যু দেশ এবং জনগণকে ফ্যাসিবাদমুক্ত করেছে। বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাভার আশুলিয়া কিংবা অন্য কোনো সুবিধাজনক স্থানে শ্রমজীবী-কর্মজীবী মানুষের আত্মত্যাগের সম্মানে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে।’

তারেক রহমান বলেন, ‘শুধু একটি সরকারি চাকরির আশায় শ্রমজীবী-কর্মজীবী মানুষ সেদিন রাজপথে জীবন উৎসর্গ করেনি। এই জনগণ একটি ইনসাফভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য স্বপ্ন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছিল।

কিন্তু বর্তমান রাষ্ট্র সংস্কারের যে কর্মযজ্ঞ চলছে সেখানেই বা তাদের প্রতিনিধিত্ব কোথায়। রাষ্ট্র এবং রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র, রাজনৈতিক সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী ও টেকসই করা সম্ভব নয়। রাষ্ট্রের জনগণ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর দেশকে কেউ তাঁবেদারি রাষ্ট্র করতে সক্ষম হবে না।’