দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসন এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে পর পর দুই দিনে দুই ধাপে ১৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর প্রধান উপদেষ্টা কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে উঠে এসেছে জাতীয় ঐক্য, নির্বাচনকালীন প্রশাসনের রূপরেখা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু।
মঙ্গলবার (২৩ জুলাই) রাতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে আয়োজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
রাজনৈতিক দলগুলো সরকারকে স্পষ্ট জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে তাদের মধ্যে কোন মতভিন্নতা নেই, কোন বিরোধ নেই। ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাঁদের মধ্যে কোন বিরোধ বা মতভিন্নতা নেই।
বুধবার (২৩ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ১৩ রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের উদ্দেশে আরও বলেন, ‘মতপার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার। তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে’।
বৈঠকে অংশ নেওয়া সকল দল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখার বিষয়ে সমর্থন জানান। তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিবাদ প্রতিহত করতে আরও নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সর্বদলীয় সভা আয়োজনের অনুরোধ জানান।
বৈঠকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির তানিয়া রব, ১২ুদলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রুহিন হোসেন প্রিন্স ও গণফোরামের মিজানুর রহমান অংশ নেন।
সব দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “রাজনীতি থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু দেশের মানুষের স্বার্থের ওপরে কিছু নেই। আসুন, সবাই মিলে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ তৈরি করি।”
প্রধান উপদেষ্টার এই বৈঠকগুলো দেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে একটি অন্তর্বর্তীকালীন সমাধানের পথ দেখানোর ইঙ্গিত দিচ্ছে। বড় ও ছোট রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ, সংলাপে ইতিবাচক মনোভাব এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যক্রম শেষ করার প্রতিশ্রুতি নতুন আশার জন্ম দিচ্ছে।
সারাদেশের মানুষ এখন তাকিয়ে আছে—এই আলোচনার ফলাফল কীভাবে বাস্তবে রূপ পায়।




