রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চত্বরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এক হৃদয়বিদারক চিত্র দেশজুড়ে আলোড়ন তুলেছে। সাহসিকতা, মানবিকতা এবং দায়িত্ববোধের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে প্রাণ রক্ষা করেছেন অন্তত ২০ জন শিক্ষার্থীর। কিন্তু নিজেকে আর বাঁচাতে পারেননি শিক্ষকতা পেশার নিঃস্বার্থ সৈনিক, শিক্ষিকা মেহরিন চৌধুরী।
৪৬ বছর বয়সী এই শিক্ষিকা প্রাণপণ চেষ্টা করে দুর্ঘটনার পরপরই ক্লাসরুম থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিতে থাকেন। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের ভাষ্যে জানা যায়, শিক্ষার্থীদের বের করে দিতে গিয়ে সময়মতো নিজে বের হতে পারেননি তিনি। দগ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানেই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
মেহরিন চৌধুরীর ভাই মানাফ এম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, সামাজিক মাধ্যমে তাঁর মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মেহরিন চৌধুরীর সাহসিকতা ও ত্যাগেই অন্তত ২০ জন শিক্ষার্থী নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে।
মেহরিন চৌধুরী আজ শুধু একটি স্কুলের শিক্ষিকা নন, তিনি পুরো জাতির শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছেন। তাঁর এই আত্মত্যাগ চিরকাল স্মরণে থাকবে একটি অনন্য শিক্ষকের উদাহরণ হিসেবে।




