বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ঢাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : নিহত ২৭, আহত ১৭১

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নির্মম, হৃদয়বিদারক, মর্মান্তিক। এক মুহূর্ত আগেও যাদের চোখে ছিল জীবনের উচ্ছ্বাস, প্রাণচাঞ্চল্য আর হাসির ঝলক, তারা এখন নিথর, নিস্তেজ, পুড়ে ছাই হয়ে যাওয়া কিছু মুখ—চেনা যায় না।
সবকিছু ঘটে গেল যেন চোখের পলকে। বোঝারও সময় মেলেনি।
চারপাশ ভারী হয়ে ওঠে সন্তানের লাশ বুকে জড়িয়ে রাখা পিতা-মাতার বুকফাটা আহাজারিতে।
স্বজনহারা কান্নায় বাতাসে ছড়িয়ে পড়ে এক অনর্গল শোকের আর্তনাদ।

২১ জুলাই সোমবার ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর এমন দৃশ্যগুলো চোখে পড়ে স্থানীয়দের।

বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। মর্মান্তিক এ বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ জনে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যুর কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

সন্ধ্যা সাড়ে ৭টায় আইএসপিআর জানায়, আকস্মিক এই বিমান দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেনেন্ট মো. তৌকির ইসলামসহ ২০ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন, বার্ন ইনস্টিটিউটের ৭০ জন, ঢাকা মেডিকেলে তিনজন, ঢাকা সিএমএইচে ১৭ জন, কুর্মিটোলায় একজন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন বলে আইএসপিআর জানায়।

রাজধানীর হাসপাতালজুড়ে আহত ও তাদের স্বজনদের আর্তচিৎকার আর বিষাদময় আহাজারি।

আইএসপিআর আরও জানায়, দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।

আরেকটি বার্তায় আইএসপিআর জানায়, বিভিন্ন হাসপাতালে রক্তদাতাদের পাঠাতে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর রেকর্ড অফিসে একটি জরুরি সেল (২৪/৭) খোলা হয়েছে; মোবাইল-০১৭৬৯৯৯৩৫৫৮ (হোয়াটসঅ্যাপ) নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

এর আগে সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলপর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

শোকবার্তা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাসহ দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতারা দলের পক্ষ থেকে দেশবাসীর সঙ্গে একাত্ম হয়ে শোকবার্তা প্রকাশ করেছেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে৷ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একটি বিদ্যাপীঠে পতিত হওয়ার ফলে ঘটনাস্থলে অনেক মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সরকার গভীরভাবে শোকাভিভূত।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামীকাল ২২ জুলাই (মঙ্গলবার) দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া, বিদেশের বাংলাদেশ মিশনগুলোতেও একইভাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শুধু তাই নয়, নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে।