বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতা, নিহত ৩, কারফিউ জারি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত তিনজন নিহত এবং বহু আহত হয়েছেন। বুধবার দুপুরে শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশ চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষে গোটা শহর রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।

সহিংসতায় নিহতরা হলেন- জেলা শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), শহরের থানাপাড়ার কামরুল কাজীর ছেলে রমজান কাজী (২৪), সদর উপজেলার আড়পাড়া এলাকার আজাদ তালুকদারের ছেলে ইমন তালুকদার (১৮)। বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেন।

প্রথম উত্তেজনা শুরু হয় মঙ্গলবার থেকেই, যখন সামাজিকমাধ্যমে এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে নানা প্রচার চালানো হয়। বুধবার সকালে এনসিপি নেতারা গাড়িবহর নিয়ে শহরে ঢোকার আগে থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সকালেই পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, পরে ইউএনওর গাড়িতেও হামলা হয়।

বেলা দেড়টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন এর ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মীরা শহরের মধ্যে মিছিল করে জয়বাংলা স্লোগান দিতে দিতে পৌরপার্ক এলাকায় সমাবেশ মঞ্চে আক্রমণ চালায়। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। এনসিপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়তে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য।

সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতারা পুলিশের নিরাপত্তায় টেকেহাট হয়ে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু দুপুর পৌনে ৩টার দিকে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে ফের একদফা হামলার শিকার হন তারা। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গোপালগঞ্জ সদর হাসপাতালে তিনজনের মরদেহ আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে—তিনি এনসিপির স্থানীয় কর্মী বলে জানা গেছে।

বুধবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ হোসেন বলেন, “গোপালগঞ্জে আমাদের নেতাদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালানো হয়েছে। এটা শুধুমাত্র গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা নয়, এটা দেশের ওপরই হামলা।”

এদিকে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বুধবার রাত ৮টা থেকে পরবর্তী দিন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

এর আগে, বিকেলে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য।

পরিস্থিতি এখনো উত্তপ্ত, প্রশাসন জনগণকে ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। ঘটনাটি সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।