বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আবু সাঈদের রক্তে রচিত জুলাই গণ-অভ্যুত্থান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে চলমান ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে আজ বুধবার পালিত হচ্ছে ‘জুলাই শহীদ দিবস’। গত বছরের এই দিনে, ২০২৪ সালের ১৬ জুলাই, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে প্রাণ হারান। সরকার এই দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে।

নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়া আবু সাঈদ ছিলেন নয় ভাইবোনের মধ্যে অষ্টম এবং একমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তার মৃত্যু কোটা সংস্কার আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তার সাহসিকতা ও আত্মত্যাগ আন্দোলনকে গণ-অভ্যুত্থানের রূপ দিতে সাহায্য করে। পরোক্ষভাবে তার মৃত্যুর পর থেকেই স্বৈরাচার সরকারের পতনের দাবি ওঠে।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের ফটকে পৌঁছার পর পুলিশ প্রথমে লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে। প্রতিবাদে আবু সাঈদ সামনে গিয়ে দুই হাত প্রসারিত করে বলেন, “শ্যুট মি… শ্যুট মি…”। তখনই পুলিশ তাকে গুলি করে। প্রথম গুলির পরও দাঁড়িয়ে থাকলে দ্বিতীয়বার গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

জাতিসংঘের একটি প্রতিবেদন অনুসারে, ১৪ মিটার দূর থেকে আবু সাঈদকে মেটাল প্যালেটসে ভরা শটগান দিয়ে গুলি করা হয়েছিল। তার শরীরে ৯০টিরও বেশি ধাতব টুকরার ক্ষতচিহ্ন পাওয়া যায়।

আবু সাঈদের মৃত্যুর পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করে ইউজিসি। আন্দোলন দমন করতে ছয় জেলায় মোতায়েন করা হয় বিজিবি। এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্বে আসেন। আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, “আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন আর কেবল কোটা সংস্কারে সীমাবদ্ধ ছিল না। আমরা তখন পুলিশের নির্দেশদাতার বিচার দাবি করি, যার অর্থ ছিল সরকারের বিচার।”

আবু সাঈদের ভাই রমজান আলী জানান, প্রশাসন তাদের পরিবারকে চাপ দেয় রাতেই দাফন করার জন্য। এমনকি মোনাজাতে সরকারের বিরুদ্ধে দোয়া করায় স্থানীয় এক ইমামকে গ্রেফতারের চেষ্টাও চালায় পুলিশ।

সরকারি ঘোষণায় আজ বুধবার সারাদেশে সাধারণ ছুটি। সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।