বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ড্রোন শোতে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হলো ‘জুলাই উইমেন্স ডে’। নারীর সংগ্রাম, সাহসিকতা ও অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে মধ্যরাতে আকাশজুড়ে দেখা গেলো আলোকবর্ণের বিপ্লব—দুই হাজার ড্রোনের সমন্বয়ে উপস্থাপিত হলো বাংলাদেশের নারী ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।

সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই শো প্রদর্শিত হয়। ‘জুলাই উইমেনস ডে’-এর কর্মসূচির অংশ হিসেবে এই শো প্রদর্শন করা হয়।

এদিন সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হয় দিনের কর্মসূচি। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধন হয় অনুষ্ঠানটির। এরপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রযোজিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। চলচ্চিত্র পরিচালক দীপক কুমার গোস্বামী নির্মিত দুটি চলচ্চিত্র ‘স্পিকিং’ ও ‘জুলাই বিষাদ সিন্ধু’ও প্রদর্শিত হয়।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গানের মাধ্যমে নারীদের সংগ্রাম ও শক্তিকে তুলে ধরেন খ্যাতিমান শিল্পীরা। সায়ান পরিবেশন করেন ‘এই মেয়ে শোন’, ‘ভয় বাংলায় ভয়’সহ একাধিক গান। ব্যান্ড ‘ইলা লা লা’ পরিবেশন করে ‘বাঘের গান’, ‘সংগতি’ ও ‘নীল নির্বাসন’। ব্যান্ড ‘এফ মাইনর’ গায় ‘আলো আসবেই’, ‘মুক্তি’, ‘মেয়ে’।
এরপর পারসা মাহজাবীন পরিবেশন করেন ‘মুক্তির মন্দির’ ও ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’। এলিটা করিম পরিবেশন করেন ‘আমি বাংলায় গান গাই’, ‘ধন ধান্য পুষ্প ভরা’, ‘বাংলাদেশ’সহ দেশপ্রেমে উদ্দীপিত গান।

রাত ১১টা ২০ মিনিটে শুরু হয় ২০ মিনিটব্যাপী ড্রোন শো। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ পরিচালনায় দুই হাজার ড্রোন আকাশে ফুটিয়ে তোলে নারী আন্দোলনের প্রতীক ও বার্তা। প্রথম ধাপে তুলে ধরা হয় কীভাবে ‘জুলাই অভ্যুত্থানে’ নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বেরিয়ে আন্দোলনের সূচনা করেন। দ্বিতীয় ধাপে উঠে আসে বিডিআর হত্যাকাণ্ড, গুম-খুন, নির্বাচন নিয়ে প্রশ্ন এবং ১৬ বছরের আওয়ামী শাসনামলের নানা বিতর্কিত অধ্যায়।

অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “আওয়ামী লীগের ট্যাগিং সংস্কৃতির বিরুদ্ধে মেয়েরা হল ভেঙে বেরিয়ে এসে যে প্রতিবাদ করেছিল, সেটাই ছিল টার্নিং পয়েন্ট। তারা হয়ে ওঠে জুলাইয়ের কণ্ঠস্বর।”
তিনি আরও বলেন, “আমাদের মূল কাজ দুটি—একটি হলো ইনক্লুসিভ বাংলাদেশ গঠন এবং অন্যটি হলো ‘জুলাই ন্যারেটিভ’ প্রতিষ্ঠা। আমরা চেষ্টা করছি ইতিহাসের দায় মেটাতে।”

আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, কৃষি ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সাধারণ মানুষ একত্র হয়ে এই আয়োজনে অংশ নেন। ‘জুলাই উইমেন্স ডে’-র মধ্য দিয়ে বাংলাদেশের নারী ইতিহাসের এক গৌরবময় অধ্যায় স্মরণ করা হলো, যা শুধু অতীত নয়—ভবিষ্যতের দিশাও হয়ে উঠেছে।