বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, বরং জোরেশোরে শুরু হয়েছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দেশে ষড়যন্ত্রের অবসান হয়নি বরং তা নতুনভাবে আরও জোরালোভাবে শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রশাসনে এখনও পুরনো স্বৈরাচারী ভূতের ছায়া রয়েছে এবং দেশবিরোধী ষড়যন্ত্র নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

শনিবার (১২ জুলাই) বিকেলে গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।

জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ১৪২ জন ছাত্র-জনতার পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

তারেক রহমান বলেন, “ষড়যন্ত্র শেষ হয়নি। বরং আরও জোরেশোরে শুরু হয়েছে। বিবেকবান মানুষ বলছেন, নতুন করে ষড়যন্ত্র চলছে।” তিনি সবাইকে আহ্বান জানান গণতন্ত্র ও নাগরিক অধিকারের লড়াইয়ে সচেতন ভূমিকা রাখতে।

তিনি আরও বলেন, “স্বাধীনতা সংগ্রামের মতোই এই যুদ্ধও এখনো শেষ হয়নি। আমাদের চোখ-কান খোলা রাখতে হবে। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারী ভূতের উপস্থিতি রয়েছে। নতুন কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না, সে বিষয়ে সচেতন না থাকলে দেশ টিকিয়ে রাখা কঠিন হবে।”

সম্প্রতি মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ড প্রসঙ্গে তারেক রহমান প্রশ্ন তোলেন, “যে ছেলেটি মারা গেছে, তার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রচার করা হলেও, যে হত্যাকারী তাকে হত্যা করেছে, তাকে ধরা হচ্ছে না। বরং অন্যদের গ্রেপ্তার করা হয়েছে। কেনো মূল হত্যাকারীকে ধরা হচ্ছে না? সরকার ও প্রশাসনের দায়িত্ব কি নয়?”

তিনি দাবি করেন, বিএনপি ইতোমধ্যেই নিজ দলের অভিযুক্তদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নিয়েছে এবং অন্যায়কারী দলের কেউ হলেও প্রশ্রয় দেওয়া হবে না। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তারেক রহমান বলেন, “বিএনপি সুযোগ পেলে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করবে। সময় লাগলেও প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করা হবে। কারণ এটি আমাদের প্রতিশ্রুতি।” একইসঙ্গে ক্ষমতায় গেলে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বক্তব্য রাখেন।