রবিবার

,

১৫ই মার্চ, ২০২৬

৩ আগস্টের মধ্যে জুলাই সনদ না হলে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সরকার যদি ৩ আগস্টের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই সনদ’ প্রকাশ না করে, তাহলে ছাত্র ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাগুরা শহরের ভায়না মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ঘোষণর আগে কোনো নির্বাচন ছাত্র জনতা মেনে নেবে না। আগে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিচার হতে হবে। খুনিদের বিচার, সংস্কার ও জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের পায়তারা করা হলে আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই দেশে আর কোনো ফ্যাসিবাদী দোসরদের জায়গা দেওয়া হবে না।

উপস্থিত জনতার উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আপনাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। আমরা আর কোনো দখলদার, চাঁদাবাজ, টেন্ডারবাজদের হাতে এই দেশের শাসনভার তুলে দেব না। ভিনদেশী প্রভুদের ইশারায় যারা কথা বলে, আমরা তাদের রাজনৈতিকভাবে পরাজিত করব।

এর আগে দুপুর দেড়টার দিকে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এবং “নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” এনসিপির কেন্দ্রীয় নেতারা মাগুরায় পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি মাগুরা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের চৌরঙ্গী মোড়, ঢাকা রোড হয়ে ভায়না মোড়ে এসে পথসভায় মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটোয়ারী, আখতার হোসেন, সারজিস আলম, ডা. তাসনীম জারা, সামান্তা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব তারেক রেজা প্রমুখ।

পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর নড়াইলের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে তারা ঝিনাইদহ সফর শেষে দুপুর ১টা ৩০ মিনিটে মাগুরায় পৌঁছান।