বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

দুর্নীতির মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি ২ নম্বর রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় আবুল বারাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. তালেবুর রহমান জানান, তাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। শুক্রবার সকালে তাকে দুদকের কাছে হস্তান্তর করা হবে।

আবুল বারাকাতের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ রয়েছে, জনতা ব্যাংক থেকে ভুয়া জমি মূল্যায়নের মাধ্যমে ঋণ জালিয়াতি করে প্রায় ২৯৭ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। মামলাটি গত ৩ জুন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন দায়ের করেন। এতে আবুল বারাকাতসহ ২৩ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, অ্যাননটেক্স গ্রুপের অনুকূলে মঞ্জুরকৃত ১৮০ কোটি টাকার ঋণের মধ্যে ৫০ কোটি ৫০ লাখ টাকা গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের হিসাবে সরিয়ে ফেলে আত্মসাৎ করা হয়। এ ছাড়া স্থাপনাবিহীন একটি জমিকে ৩ কোটি টাকায় ক্রয় করে ১৬৪ কোটি টাকা মূল্যায়ন দেখানো হয়, যা দিয়ে অতিমূল্যায়নভিত্তিক ঋণ গ্রহণ করা হয়।

এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদসহ একাধিক শীর্ষ কর্মকর্তা ও ব্যবসায়ীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদকের তদন্তে দেখা যায়, আবুল বারাকাত এই ঋণ অনুমোদন ও বিতরণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং তার সহযোগিতায়ই এ দুর্নীতি সংঘটিত হয়েছে। তদন্ত শেষে তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় দুদক এবং পরে গ্রেপ্তারে সহায়তার জন্য ডিবি পুলিশের সহযোগিতা চাওয়া হয়।

গ্রেপ্তার আবুল বারাকাত এক সময় বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতিও ছিলেন এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।